আবদুর রহমান
সম্পাদক

আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপন নিশ্চিত করতে দেশজুড়ে সর্বোচ্চ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা জোরদারের পাশাপাশি প্রযুক্তিনির্ভর নজরদারি, ২৪ ঘণ্টার মনিটরিং টিম ও স্বেচ্ছাসেবকদের পরিচয় যাচাইয়ের ব্যবস্থা করা হচ্ছে।

আজ বুধবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে দুর্গাপূজার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অনুষ্ঠিত সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ বছর সারা দেশে রেকর্ডসংখ্যক প্রায় ৩৩ হাজার ৮৫১টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। গত বছরের তুলনায় এ সংখ্যা প্রায় ১ হাজার ৫০০ বেশি। বিপুলসংখ্যক মণ্ডপে নির্বিঘ্নে পূজা উদ্‌যাপন নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে বলা হয়েছে।

নিরাপত্তা ব্যবস্থায় প্রযুক্তির ব্যবহার বাড়ানোর কথা জানিয়ে তিনি বলেন, জাতীয় নির্বাচনের সময় ব্যবহৃত এনটিএমসির বিশেষ অ্যাপ দুর্গাপূজার নিরাপত্তা ব্যবস্থাপনায় ব্যবহার করা হবে। এ বিষয়ে জেলা পর্যায়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হবে। পুলিশ সদর দপ্তর, বিভাগীয় ও জেলা পর্যায়ে ২৪ ঘণ্টার মনিটরিং টিমও সক্রিয় থাকবে।

প্রতিটি পূজামণ্ডপে দায়িত্ব পালনকারী স্বেচ্ছাসেবকদের তালিকা সংশ্লিষ্ট থানায় যাচাই করা হবে বলে জানান মন্ত্রী। যাচাই শেষে তাঁদের পরিচয়পত্র দেওয়ার ব্যবস্থা করা হবে। পাশাপাশি পূজামণ্ডপে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। জরুরি পরিস্থিতি মোকাবিলায় বিকল্প জেনারেটর ও চার্জার লাইট প্রস্তুত রাখার কথাও বলা হয়েছে।

ছুটি তিন দিন, অনুদান পাঁচ কোটি টাকা

দুর্গাপূজায় সরকারি ছুটি বাড়ানোর বিষয়টি তুলে ধরে সালাহউদ্দিন আহমদ বলেন, সনাতন ধর্মাবলম্বীদের দাবির পরিপ্রেক্ষিতে আগের অন্তর্বর্তী সরকার পূজার সরকারি ছুটি এক দিন থেকে বাড়িয়ে দুই দিন করেছিল। এ বছর প্রধানমন্ত্রী তারেক রহমান ছুটি আরও এক দিন বাড়িয়ে তিন দিন করেছেন। এর সঙ্গে সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা পাঁচ দিনের ছুটি পাচ্ছেন দেশবাসী।

এ ছাড়া পূজামণ্ডপগুলোর জন্য সরকারি অনুদান চার কোটি টাকা থেকে বাড়িয়ে পাঁচ কোটি টাকা করা হয়েছে বলেও জানান তিনি।

অপরাধীর বিরুদ্ধে ব্যবস্থা চলবে

সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অপরাধী, চাঁদাবাজ, অস্ত্রধারী ও সন্ত্রাসীদের বিরুদ্ধে নিয়মিত বিশেষ অভিযান চলছে। এসব অভিযান আরও জোরদার করা হবে।

মিরপুরের রাড্ডা ক্লিনিকের ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান তিনি। মাটিকাটা জমি দখলের একটি ঘটনায় ৯৯৯ নম্বরে ফোন পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তদের গ্রেপ্তার করেছে বলেও উল্লেখ করেন মন্ত্রী।

অপরাধের সঙ্গে রাজনৈতিক সংশ্লিষ্টতা থাকলে তা তদন্ত করে দেখা হচ্ছে জানিয়ে তিনি বলেন, অপরাধী যে দলেরই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না।

মিরপুরে সিটি করপোরেশনের উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে সংঘর্ষ ও পুলিশের ভ্যান ভাঙচুরের ঘটনায় প্রাথমিকভাবে ম্যাজিস্ট্রেট ও পুলিশের মধ্যে যোগাযোগের ঘাটতি বা সমন্বয়হীনতার বিষয়টি সামনে এসেছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। ঘটনাটি পূর্ণাঙ্গভাবে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, বিচ্ছিন্ন দু-একটি ঘটনার ভিত্তিতে দেশের সামগ্রিক পরিস্থিতি মূল্যায়ন করা ঠিক হবে না। জনগণের নিরাপত্তা ও সমাজে শান্তি বজায় রাখতে সরকার অব্যাহতভাবে কাজ করছে।

সভায় সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের কর্মকর্তাদের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ছাড়া বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদ, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট, মহানগর পূজা উদ্‌যাপন পরিষদ ও পূজা ফ্রন্টসহ সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা সভায় অংশ নেন।

প্রেস ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ও নৃ-গোষ্ঠী বিষয়ক বিশেষ সহকারী বিজন কান্তি সরকারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।