
আবদুর রহমান
রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (১ অক্টোবর) প্রধানমন্ত্রীর লিখিত নির্দেশনা পাওয়ার পর জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। বিষয়টি প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আব্দুল্লাহ এম ছালেহ নিশ্চিত করেছেন।
গত ২৪ সেপ্টেম্বর রাতে মিরপুর-১ নম্বরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের পর ভারী যন্ত্রপাতি দিয়ে স্বাস্থ্যকেন্দ্রটির স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। এ ঘটনায় স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের কয়েকজন নেতার সম্পৃক্ততার অভিযোগ ওঠে।
ফেরদৌসী আহমেদ মিষ্টির ঘনিষ্ঠ হিসেবে পরিচিত কয়েকজনের নামও তদন্তে আসে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। তবে হামলার সঙ্গে নিজের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেছেন মিষ্টি।
ঘটনাটি নিয়ে বুধবার স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছিলেন, মিষ্টির বিরুদ্ধে তদন্ত চলছে। তদন্তে সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেলে কাউকে ছাড় দেওয়া হবে না বলেও জানান তিনি। এর এক দিনের মাথায় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এমপি পদ ছাড়ার নির্দেশ এল।
রাড্ডা-কাণ্ডের জেরে বুধবার রাতে ঢাকা মহানগর উত্তর বিএনপির কমিটি বিলুপ্ত করা হয়। একই সঙ্গে ঢাকা মহানগর উত্তর যুবদল ও মহানগর পশ্চিম ছাত্রদলের কমিটিও বিলুপ্ত ঘোষণা করা হয়। বিএনপি, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের ১৪ নেতাকে বহিষ্কারের সিদ্ধান্তও জানানো হয়।
তবে দলীয় বিজ্ঞপ্তিতে তিনটি কমিটি বিলুপ্তির সঙ্গে রাড্ডা সেন্টারে হামলার সরাসরি যোগসূত্রের কথা উল্লেখ করা হয়নি। যুবদল ও ছাত্রদলের কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ার কারণেও বিলুপ্ত করা হয়েছে বলে সংশ্লিষ্ট প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
রাড্ডা সেন্টারে হামলার ঘটনায় এরই মধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তদন্ত চলছে। একই সঙ্গে দলীয় পর্যায়েও একের পর এক সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। এমপি পদ থেকে মিষ্টির পদত্যাগের মধ্য দিয়ে ওই ঘটনায় বিএনপির শীর্ষ পর্যায়ের কঠোর অবস্থান আরও স্পষ্ট হলো।

