আবদুর রহমান
সম্পাদক

জনগণের নির্বাচিত সরকার হিসেবে জনগণের কাছে জবাবদিহি নিশ্চিত করেই কাজ করার অঙ্গীকার করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান এবং প্রতিমন্ত্রী মীর শাহে আলম। একই সঙ্গে সরকারি কাজে ভুলত্রুটি ধরা পড়লে গঠনমূলক সমালোচনার মাধ্যমে তা সংশোধনের সুযোগ করে দিতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন তারা।

শুক্রবার (২ অক্টোবর) রাজধানীর কাকরাইলে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের (ডিপিএইচই) অডিটোরিয়ামে অধিদপ্তরের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে আয়োজিত আলোচনা সভায় মন্ত্রী ও প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

ড. আবদুল মঈন খান বলেন, সরকার গঠনমূলক সমালোচনা শুনতে প্রস্তুত। সরকারি কাজে কোনো ভুল হলে তা তুলে ধরলে সংশোধনের উদ্যোগ নেওয়া হবে। তবে মিথ্যা তথ্য বা অপপ্রচারের মাধ্যমে সমালোচনা না করে দায়িত্বশীলভাবে মতামত দেওয়ার আহ্বান জানান তিনি।

গণতান্ত্রিক পরিবেশ ও দেশের স্থিতিশীলতা বজায় রাখতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, সরকারের সব পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী জনগণের সেবক। দেশের মানুষের কল্যাণ নিশ্চিত করা এবং বাংলাদেশকে বিশ্বের বুকে উন্নত ও মর্যাদাপূর্ণ দেশ হিসেবে প্রতিষ্ঠা করাই সবার অভিন্ন লক্ষ্য হওয়া উচিত।

সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে জনগণকে সেবা দেওয়ার জন্য কর্মকর্তা-কর্মচারীদের প্রতি আহ্বান জানান তিনি।

সভায় বিশেষ অতিথির বক্তব্যে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উন্নয়ন কার্যক্রম শুধু প্রকল্পনির্ভর হলে চলবে না। মাঠপর্যায়ের মানুষের প্রকৃত প্রয়োজন বিবেচনায় নিয়ে প্রকল্প ও সেবার পরিকল্পনা করতে হবে।

তিনি বলেন, বিদ্যমান অবকাঠামোর যথাযথ রক্ষণাবেক্ষণ নিশ্চিত করা জরুরি। মাঠপর্যায়ে নিয়মিত রক্ষণাবেক্ষণের জন্য পৃথক তহবিল ও প্রয়োজনীয় বরাদ্দ থাকা দরকার। নতুন অবকাঠামো নির্মাণের পাশাপাশি পুরোনো অবকাঠামো সচল রাখার বিষয়েও সমান গুরুত্ব দিতে হবে।

বর্জ্য ব্যবস্থাপনার ওপর গুরুত্ব দিয়ে প্রতিমন্ত্রী বলেন, বর্জ্যকে বোঝা হিসেবে না দেখে সম্পদে পরিণত করার উদ্যোগ নিতে হবে। বড় শহরগুলোতে বর্জ্য থেকে জ্বালানি উৎপাদনের ব্যবস্থা করা যেতে পারে। অন্যদিকে ছোট পৌরসভা ও উপজেলাগুলোতে স্থানীয় বাস্তবতা বিবেচনায় নিয়ে কম খরচে কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তুলতে হবে।

ভূগর্ভস্থ পানির ওপর ক্রমবর্ধমান চাপ কমানোর ওপরও গুরুত্ব দেন মীর শাহে আলম। তিনি বলেন, দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে ভূগর্ভস্থ পানির ব্যবহার কমিয়ে আনতে হবে। নদী ও পুকুরের পানি যথাযথভাবে পরিশোধনের মাধ্যমে নিরাপদ পানি সরবরাহ বাড়ানো গেলে ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরতা কমানো সম্ভব হবে।

আলোচনা সভায় স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. জামানুর রহমানসহ মন্ত্রণালয় ও অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।