
ওমর ফারুক
নরসিংদীর রায়পুরা উপজেলার আদিয়াবাদ ইউনিয়নে মাদকবিরোধী জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সাধারণ মানুষের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে।
প্রচারিত তথ্য অনুযায়ী, আদিয়াবাদ ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি এস পি সিরাজুল ইসলামের নির্দেশনায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় গাঁজা, মদ, ইয়াবাসহ বিভিন্ন মাদকের ভয়াবহতা ও ক্ষতিকর প্রভাব সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করা হয়।
কর্মসূচিতে ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দীন বকুলের স্বপ্নের রায়পুরা বিনির্মাণের প্রত্যয়ে মাদকমুক্ত সমাজ গঠনে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, মাদক শুধু একজন ব্যক্তির জীবনকেই ক্ষতিগ্রস্ত করে না, এর নেতিবাচক প্রভাব পরিবার ও সমাজের ওপরও পড়ে। তাই মাদকের বিরুদ্ধে সামাজিক সচেতনতা গড়ে তুলতে তরুণ সমাজসহ সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন আদিয়াবাদ ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল্লাহ আল মামুন মোল্লা, আদিয়াবাদ ইউনিয়ন ছাত্রদলের নেতাকর্মী জাহিদ সরকার, এস এম আকাশ, জাহিদ মাস্টার, ফয়সাল মিয়াসহ আরও অনেকে।
স্থানীয় পর্যায়ে মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বাড়াতে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

