
ওমর ফারুক
‘শক্তি ও সুরক্ষায় আমিষ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদীতে বিশ্ব ডিম দিবস ২০২৬ উদযাপন করেছে প্রাইভেট ভেট ডক্টরস অ্যাসোসিয়েশন অব নরসিংদী। দিবসটি উপলক্ষে শুক্রবার (৯ অক্টোবর) সকালে বর্ণাঢ্য র্যালি, ডিম বিতরণ ও জনসচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়।
সকাল ১০টায় নরসিংদীর ভেলানগর ঢাকা বাসস্ট্যান্ড থেকে র্যালিটি শুরু হয়ে ভেলানগর মানিক রোড সংলগ্ন প্রাইভেট ভেট ডক্টরস অ্যাসোসিয়েশন অব নরসিংদীর কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। র্যালিতে সংগঠনের নেতৃবৃন্দ, জেলার বিভিন্ন পর্যায়ে কর্মরত বেসরকারি পশুচিকিৎসক এবং ফিড ও মেডিসিন কোম্পানির প্রতিনিধিরা অংশ নেন।
এ সময় উপস্থিত ছিলেন প্রাইভেট ভেট ডক্টরস অ্যাসোসিয়েশন অব নরসিংদীর সভাপতি ডা. রাজু কুমি, সাধারণ সম্পাদক ডা. ইখতিয়ার উদ্দিন মাহমুদসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
কর্মসূচিতে বক্তারা ডিমের পুষ্টিগুণ, মানবদেহে এর প্রয়োজনীয়তা এবং সুস্থ-সবল জাতি গঠনে প্রাণিসম্পদ খাতের ভূমিকা তুলে ধরেন। পাশাপাশি ডিমের পুষ্টিগুণ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং ডিম নিয়ে প্রচলিত ভুল ধারণা দূর করার ওপর গুরুত্বারোপ করেন।
র্যালি শেষে সাধারণ মানুষ, পথচারী ও শিশুদের মধ্যে ডিম বিতরণ এবং ডিম খাওয়ানোর কর্মসূচি পালন করা হয়। এ ছাড়া কাউরিয়াপাড়া ও কুমরাদী এলাকার এতিমখানার শিক্ষার্থীদের জন্য ডিম প্রদান করা হয়।
সংগঠনের নেতৃবৃন্দ জানান, ডিমের পুষ্টিগুণ সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করা এবং পুষ্টিকর খাদ্য গ্রহণে উৎসাহিত করার লক্ষ্যে এ আয়োজন করা হয়েছে। জনসচেতনতা বৃদ্ধি ও জনকল্যাণে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখবে প্রাইভেট ভেট ডক্টরস অ্যাসোসিয়েশন অব নরসিংদী।

