মোঃ মোবারক হোসেন
নিজস্ব প্রতিবেদক

জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নরসিংদীর মনোহরদীতে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আয়োজিত এ কর্মসূচিতে বিএনপি ও যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

বুধবার (২৮ অক্টোবর) বিকেলে মনোহরদী পৌরসভার মুক্তিযোদ্ধা সংসদের পুকুরপাড় এলাকায় এ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা বিএনপির সদস্যসচিব আমিনুর রহমান সরকার দোলন।

এ সময় তিনি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে যুবদল রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা থেকেও বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পরিবেশ সংরক্ষণে সংগঠনটির ইতিবাচক ভূমিকার বহিঃপ্রকাশ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা যুবদলের সভাপতি তাজুল ইসলাম, সদস্যসচিব মাসুদুর রহমান সোহাগ, মনোহরদী পৌরসভা যুবদলের সভাপতি আব্দুস সামাদ আকন্দ বকুল, সাধারণ সম্পাদক মামুন মিয়া এবং পৌর শ্রমিক দলের সভাপতি সাইফুল ইসলাম শিপনসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।

বৃক্ষরোপণ কর্মসূচি শেষে নেতাকর্মীরা সংগঠনের সার্বিক সাফল্য, দেশের সমৃদ্ধি এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ধারাবাহিকতা কামনা করেন।