
মোঃ সেলিম রেজা তাজ
সীমান্ত হত্যা বন্ধ, সীমান্ত অপরাধ প্রতিরোধ এবং পারস্পরিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে বিজিবি ও ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে সীমান্ত বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) ভারতের পেট্রাপোল বিএসএফ কনফারেন্স সেন্টারে বিজিবির দক্ষিণ-পশ্চিম রিজিয়নের রিজিয়ন কমান্ডার এবং বিএসএফের সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের আইজি পর্যায়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে ৬ সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বিজিবির দক্ষিণ-পশ্চিম রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান, পিবিজিএম, বিপিএমএস, বিজিওএম, পিএসসি। অন্যদিকে, ৭ সদস্যের বিএসএফ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের ইন্সপেক্টর জেনারেল শ্রী দলজিত সিং, আইপিএস।
বৈঠকে সীমান্ত হত্যা বন্ধসহ সব ধরনের সীমান্ত অপরাধ প্রতিরোধ, সীমান্ত ব্যবস্থাপনায় পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে ফলপ্রসূ ও গঠনমূলক আলোচনা হয়।
এ সময় উভয় পক্ষ সীমান্তে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার বিষয়ে তাদের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। বৈঠকে গৃহীত আলোচনা ও সিদ্ধান্ত সীমান্তবর্তী জনগণের নিরাপত্তা, শান্তি, স্থিতিশীলতা এবং উন্নয়ন নিশ্চিত করতে কার্যকর ভূমিকা রাখবে বলে উভয় পক্ষ আশাবাদ ব্যক্ত করেন।
সৌহার্দ্যপূর্ণ ও ইতিবাচক পরিবেশে অনুষ্ঠিত বৈঠকটি বেলা ১টা ৩০ মিনিটে সফলভাবে শেষ হয়।

