
ওমর ফারুক
বিএসটিআইয়ের মোবাইল কোর্ট, তিন প্রতিষ্ঠানকে ৯ হাজার টাকা জরিমানা
নরসিংদীর রায়পুরা উপজেলার হাসিমপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে তিনটি ব্যবসাপ্রতিষ্ঠানকে মোট ৯ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। পণ্য মোড়কজাত নিবন্ধন সনদ না থাকা এবং ওজনযন্ত্রের বিএসটিআই ভেরিফিকেশন ও স্ট্যাম্পিং না করার দায়ে এসব জরিমানা করা হয়।মঙ্গলবার (১০ নভেম্বর) উপজেলা প্রশাসন, রায়পুরা এবং বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই), নরসিংদীর সমন্বয়ে এ মোবাইল কোর্ট পরিচালিত হয়।অভিযান সূত্রে জানা যায়, মেসার্স খন্দকার মিষ্টান্ন ভান্ডারের ঘি পণ্যের মোড়কজাত নিবন্ধন সনদ না থাকায় সংশ্লিষ্ট আইনের ২৪(১)/৪১ ধারা অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে দ্রুত প্রয়োজনীয় নিবন্ধন সনদ গ্রহণের নির্দেশ দেওয়া হয়।এ ছাড়া মেসার্স নিউ শ্রুতি স্বর্ণ শিল্পালয়ের ব্যবহৃত ওজনযন্ত্রের বিএসটিআই ভেরিফিকেশন সনদ ও স্ট্যাম্পিং না থাকায় সংশ্লিষ্ট আইনের ৩২(১)/৪৮ ধারা অনুযায়ী ৩ হাজার টাকা জরিমানা করা হয়।অন্যদিকে, মেসার্স আব্দুর রহিম ভ্যারাইটিজ স্টোরে পণ্য মোড়কজাত নিবন্ধন সনদ ছাড়া বিস্কুট ও কেক বিক্রির উদ্দেশ্যে প্রদর্শন করায় প্রতিষ্ঠানটিকে সংশ্লিষ্ট আইনের ২৪(১)/৪১ ধারা অনুযায়ী ১ হাজার টাকা জরিমানা করা হয়।রায়পুরা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনমুন পালের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে প্রসিকিউটিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই, নরসিংদী কার্যালয়ের পরিদর্শক (মেট্রোলজি) কাজী সাখাওয়াত হোসেন মনি।অভিযান সংশ্লিষ্টরা জানান, পণ্যের মান নিয়ন্ত্রণ, সঠিক ওজন নিশ্চিত করা এবং ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

