বিজয় কর রতন
মিঠামইন (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জের করিমগঞ্জে জ্যোৎস্না বেগম (৩০) নামে এক গৃহবধূকে হত্যায় সাত আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে এক লাখ টাকা করে অর্থদণ্ডও দেওয়া হয়েছে। মামলায় অপর চার আসামিকে খালাস দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত ১-এর বিচারক মো. জহির উদ্দীন এ রায় ঘোষণা করেন। যাবজ্জীবন দণ্ডাদেশপ্রাপ্ত আসামিরা হলেনুরবি (৩৭), মঞ্জিল (৬৫), শহিদ (৫৫), মাহবুব (৩৫), আমিনুল (৩০), জিয়াউদ্দিন (৫৫) ও সাহাবুদ্দিন (৬০)। খালাসপ্রাপ্তরা হলেনুআবুল কালাম, সুফিয়া আক্তার, কলি আক্তার ও নুরুন্নাহার। মামলায় রাষ্ট্রপক্ষে নিযুক্ত সহকারী কৌঁসুলি (এপিপি) অ্যাডভোকেট রহম আলী বলেন, রায় ঘোষণার সময় সব আসামি আদালতে উপস্থিত ছিলেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৬ সালের ১৮ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টার দিকে করিমগঞ্জ উপজেলার গুজাদিয়া জাটিয়াপাড়ায় চুলার ধোঁয়া নিয়ে বিরোধের জেরে এ হামলার ঘটনা ঘটে। প্রতিবেশী কলি আক্তারের রান্নার চুলার ধোঁয়া হাবিবুর রহমানের বসতঘরে প্রবেশ করায় তাঁর স্ত্রী জ্যোৎস্না বেগম চুলাটি সরানোর অনুরোধ করেন। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে আসামিরা জ্যোৎস্না বেগমের ওপর হামলা চালান। তাকে লোহার রড, কাঠের বর্গা ও লাঠি দিয়ে মারধর করা হয়। এ সময় তাকে বাঁচাতে এগিয়ে এলে তার আত্মীয় আয়শা আক্তারও হামলার শিকার হন। তাকেও ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করা হয়।

পরে স্থানীয়রা আহত দুজনকে উদ্ধার করে করিমগঞ্জ হাসপাতালে নিয়ে যান। জ্যোৎস্না বেগমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই দিন রাত দুইটার দিকে তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহত জ্যোৎস্নার স্বামী হাবিবুর রহমান ১১ জনকে আসামি করে করিমগঞ্জ থানায় হত্যা মামলা করেন।