বিশেষ প্রতিনিধি

ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব)-এর ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচনকে কেন্দ্র করে উত্তেজনা ও বিতর্কের সৃষ্টি হয়েছে। সংগঠনটির প্রেসিডেন্ট পদপ্রার্থী সাকিফ শামীমের মনোনয়নপত্র ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে আরেক প্রার্থী শাপলা বেগম ও তাঁর অনুসারীদের বিরুদ্ধে। তবে এ অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছেন শাপলা বেগম।

সোমবার (১৬ নভেম্বর) বিকেলে মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন সাকিফ শামীম।

জানা যায়, ই-ক্যাবের আসন্ন নির্বাচনে প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়নপত্র জমা দেন সাকিফ শামীম। নির্বাচনে অংশগ্রহণের পাশাপাশি সংগঠনটিকে আরও সদস্যবান্ধব হিসেবে গড়ে তোলা এবং দেশের ই-কমার্স খাতের পূর্ণাঙ্গ বিকাশে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

সম্প্রতি দেওয়া এক বার্তায় সাকিফ শামীম জানান, ভোটারদের দোয়া ও সমর্থন নিয়ে তিনি প্রেসিডেন্ট পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন। একটি সুষ্ঠু, সুন্দর ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে ই-ক্যাবের নতুন নেতৃত্ব নির্বাচিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। একই সঙ্গে সদস্যদের স্বার্থ ও প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে সংগঠন পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

তবে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় অপ্রীতিকর পরিস্থিতির অভিযোগ তুলে সাকিফ শামীম জানান, রায়পুরা-৫ আসনের সংসদ সদস্য মো. আশরাফ উদ্দিন বকুলের স্ত্রী ও ই-ক্যাবের আরেক প্রেসিডেন্ট পদপ্রার্থী শাপলা বেগমের লোকজন তাঁর মনোনয়নপত্র জমা দিতে বাধা দেন। এ সময় তাঁকে ও তাঁর সঙ্গে থাকা লোকজনকে অকথ্য ভাষায় গালাগাল করা হয় বলে অভিযোগ করেন তিনি। একপর্যায়ে তাঁর হাত থেকে মনোনয়নপত্রটি টেনে নিয়ে শাপলা বেগমের অনুসারীরা ছিঁড়ে ফেলেন বলেও দাবি করেন সাকিফ শামীম।

এ ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করে সাকিফ শামীম বলেন, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার অধিকার প্রত্যেক প্রার্থীর রয়েছে। একটি গণতান্ত্রিক সংগঠনের নির্বাচনে এমন আচরণ কোনোভাবেই কাম্য নয়। তিনি সুষ্ঠু নির্বাচনী পরিবেশ বজায় রাখা এবং সব প্রার্থীর সমান অধিকার নিশ্চিত করার দাবি জানান।

অন্যদিকে, সাকিফ শামীমের তোলা অভিযোগ অস্বীকার করেছেন শাপলা বেগম। তাঁর দাবি, মনোনয়নপত্র ছিঁড়ে ফেলা কিংবা এ ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। বিষয়টি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন উল্লেখ করে তিনি এ বিষয়ে ভিন্ন বক্তব্য দিয়েছেন।

এদিকে, ই-ক্যাবের মতো দেশের গুরুত্বপূর্ণ একটি বাণিজ্যিক সংগঠনের নির্বাচন ঘিরে এমন পাল্টাপাল্টি অভিযোগের ঘটনায় সংগঠনের সদস্যদের মধ্যে আলোচনা তৈরি হয়েছে। নির্বাচনে সব প্রার্থীর অংশগ্রহণের সমান সুযোগ, স্বচ্ছতা ও নিরপেক্ষ পরিবেশ নিশ্চিত করার দাবি উঠেছে।