
আবদুর রহমান
নোয়াখালীর স্বর্ণদ্বীপে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর তিন বাহিনীর স্পেশাল ফোর্সের সমন্বয়ে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১/২০২৬’। মঙ্গলবার আয়োজিত এ যৌথ সামরিক মহড়ায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন অভিযান প্রত্যক্ষ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান, এমপি। একই সঙ্গে তিনি দেশীয় প্রযুক্তিতে উদ্ভাবিত বিভিন্ন সামরিক সরঞ্জামের প্রদর্শনী এবং ড্রোনের পরীক্ষামূলক উড্ডয়ন ও লক্ষ্যবস্তু ধ্বংসের মহড়া পরিদর্শন করেন।
যৌথ এ মহড়ায় সশস্ত্র বাহিনীর সামরিক সক্ষমতা, পেশাদারিত্ব, আন্তঃবাহিনী সমন্বয় এবং সমন্বিত যুদ্ধপ্রস্তুতির চিত্র তুলে ধরা হয়। এতে সেনাবাহিনীর আধুনিক স্থল অভিযান ও স্পেশাল ফোর্সের বিশেষায়িত অপারেশন, নৌবাহিনীর উভচর অবতরণ ও সমুদ্র অভিযান এবং বিমানবাহিনীর যুদ্ধবিমান ও হেলিকপ্টারের মাধ্যমে আকাশপথে নির্ভুল আক্রমণ পরিচালনার সক্ষমতা প্রদর্শিত হয়।
এ ছাড়া তিন বাহিনীর সমন্বিত অভিযান, দ্রুত সিদ্ধান্ত গ্রহণ, পারস্পরিক সহযোগিতা এবং বহুমাত্রিক নিরাপত্তা পরিস্থিতি মোকাবিলার কৌশল তুলে ধরা হয়। স্পেশাল ফোর্সের সদস্যদের দুঃসাহসিক অভিযান, নিখুঁত সমন্বয়, গোপনীয়তা বজায় রেখে লক্ষ্যবস্তুতে আঘাত হানা এবং জটিল পরিস্থিতিতে অভিযান পরিচালনার দক্ষতা মহড়ায় বিশেষভাবে প্রতিফলিত হয়।
একই দিনে সেনাবাহিনীর উদ্যোগে দেশীয় প্রযুক্তিতে উদ্ভাবিত বিভিন্ন সামরিক সরঞ্জামের প্রদর্শনী অনুষ্ঠিত হয়। পাশাপাশি ইউএভি (UAV) ও ড্রোনের পরীক্ষামূলক উড্ডয়ন এবং লক্ষ্যবস্তু ধ্বংসের সক্ষমতা প্রদর্শন করা হয়।
মহড়া শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান অংশগ্রহণকারী তিন বাহিনীর স্পেশাল ফোর্সের সদস্যদের দক্ষতা, পেশাদারিত্ব ও সমন্বিত কার্যক্রমের প্রশংসা করেন। আধুনিক যুদ্ধের পরিবর্তিত ধরন এবং ক্রমবর্ধমান নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় সশস্ত্র বাহিনীর সমন্বিত প্রস্তুতি ও সক্ষমতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, এ ধরনের যৌথ মহড়া তিন বাহিনীর মধ্যে পারস্পরিক আস্থা, সহযোগিতা ও সমন্বয় বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি সশস্ত্র বাহিনীর সদস্যদের শৃঙ্খলা, নিষ্ঠা ও দেশপ্রেমের প্রশংসা করেন। একই সঙ্গে সশস্ত্র বাহিনীর আধুনিকায়ন, প্রশিক্ষণের মানোন্নয়ন এবং সদস্যদের কল্যাণে সরকারের অব্যাহত সহযোগিতার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
উল্লেখ্য, জনবসতিপূর্ণ এলাকায় সাধারণ মানুষের দুর্ভোগ এড়াতে বাংলাদেশ সেনাবাহিনী ২০১৩ সাল থেকে প্রতিবছর স্বর্ণদ্বীপে বিভিন্ন গুরুত্বপূর্ণ সামরিক প্রশিক্ষণ পরিচালনা করে আসছে। সামরিক প্রশিক্ষণের পাশাপাশি উপকূলীয় অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতির উন্নয়ন এবং সামাজিক বনায়ন কর্মসূচি বাস্তবায়নেও দ্বীপটিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে সেনাবাহিনী।
অনুষ্ঠানে মন্ত্রিপরিষদের সদস্য, প্রতিরক্ষা উপদেষ্টা, তিন বাহিনীর প্রধান, সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন পর্যায়ের সামরিক সদস্য এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

