সম্পাদক
নিউজ ডেস্ক :
বিএনপির সংসদ সদস্যদের পদত্যাগের কারণে শূন্য হওয়া ছয়টি আসনের উপনির্বাচনে আজ সকাল সাড়ে আটটার দিকে ইভিএমে ভোট গ্রহণ শুরু হয়। ভোট গ্রহণ চলে বিকেল সাড়ে চারটা পর্যন্ত ।
ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের উপনির্বাচনে ছেড়ে দেওয়া আসনে ফের জয়ী হলেন উকিল সাত্তার।এ আসনটিতে ৫ জন প্রার্থী হলেও সাবেক এমপি অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা নির্বাচন থেকে সরে দাঁড়ান।

তাদের মধ্যে বিএনপির বহিষ্কৃত নেতা সাবেক সাংসদ স্বতন্ত্র প্রার্থী উকিল আব্দুস সাত্তার ভূঁইয়া কলার ছড়া প্রতীক নিয়ে ৪৪ হাজার ৯১৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থী আব্দুল হামিদ ভাসানী (লাঙল প্রতীক) নিয়ে ৯ হাজার ৬৩৫ ভোট পেয়েছেন।
চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের উপনির্বাচনে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জিয়াউর রহমান। উপ-নির্বাচনে তিনি ৯৪ হাজার ৯২৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আলী সরকার পেয়েছেন ২৫ হাজার ৩৯৯ ভোট।

বুধবার সকাল সাড়ে ৮টা থেকে ইভিএমে ভোটগ্রহণ চলে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত। তিনটি উপজেলায় ৪ লাখ ৫ হাজার ৪৫০ জন ভোটার। এদের মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৩৬ হাজার ৬৯ এবং নারী ভোটার ২ লাখ ৩৩ হাজার ২৪৩ জন।
চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের উপনির্বাচনে জয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী আব্দুল ওদুদ। নৌকা প্রতীক নিয়ে তিনি ৫৯ হাজার ৬৩৮ ভোট পেয়েছেন।

উপনির্বাচনে আব্দুল ওদুদের নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সামিউল হক লিটন আপেল প্রতীকে পেয়েছেন ৫৫ হাজার ৯৮০ ভোট। বিএনএফের দলীয় প্রার্থী কামরুজ্জামান খাঁন টেলিভিশন প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৪০ ভোট।এই সংসদীয় আসনে মোট ভোটার ৪ লাখ ১১ হাজার ৪৯৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৫ হাজার ৮৮৩ জন এবং নারী ভোটার ২ লাখ ৫ হাজার ৬১২ জন।
ঠাকুরগাঁও-৩ আসনের উপনির্বাচনে জাতীয় পার্টি মনোনীত লাঙল প্র্রতীকের প্রার্থী হাফিজ উদ্দীন আহম্মেদ ৮৪ হাজার ৪৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী গোপাল চন্দ্র রায় (একতারা) পেয়েছেন ৫০ হাজার ৩০৯ ভোট। এ আসনে ভোটার ছিলেন ১২৮টি কেন্দ্রে ৩ লাখ ২৪ হাজার ৪৩৯ জন।

বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে উপনির্বাচনে মশাল প্রতীকে ২০ হাজার ৪০৫ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন মহাজোট প্রার্থী এ কে এম রেজাউল করিম তানসেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মো. আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম একতারা প্রতীকে পেয়েছেন ১৯ হাজার ৫৭১ ভোট।

ঘোষিত ফলাফলে দেখা গেছে, কাহালু ও নন্দীগ্রাম উপজেলার মোট ১১২টি কেন্দ্রে মোট বৈধ ভোট পড়েছে ৭৮ হাজার ৫২৪ ভোট। এর মধ্যে ২০ হাজার ৪০৫ ভোট পেয়ে বেসরকারিভাবে জয়ী হয়েছেন ১৪-দলীয় জোটের প্রার্থী এ কে এম রেজাউল করিম তানসেন (মশাল)। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আশরাফুল হোসেন (একতারা) পেয়েছেন ১৯ হাজার ৫৭১ ভোট। এ ছাড়া স্বতন্ত্র প্রার্থী মো. মোশফিকুর রহমান (ট্রাক) ১০ হাজার ৭৯১ এবং কামরুল হাসান সিদ্দিকী (কুড়াল) ১০ হাজার ৪৪২ ভোট পেয়েছেন।
বগুড়া-৬ (সদর) আসনে নৌকা প্রতীকের আওয়ামী লীগ–সমর্থিত প্রার্থী ও বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান ওরফে রিপু ৪৯ হাজার ৩৩৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও বগুড়া শহর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আবদুল মান্নান আকন্দ ট্রাক প্রতীকে পেয়েছেন ২১ হাজার ৮৬৪ ভোট।

