সম্পাদক

নিউজ ডেস্কঃ

কলকারখানা, শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে দুর্ঘটনা রোধ ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণের লক্ষ্যে গঠিত কমিটি ১৭ কারখানাকে তিন মাসের আল্টিমেটাম দিয়েছে। এ কমিটি নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতে পাঁচ হাজার ২০৬টি কারখানা পরিদর্শন করেছে।

আগামী তিন মাসের মধ্যে আল্টিমেটাম পাওয়া কারখানাগুলো তাদের যে ঘাটতি রয়েছে, তা পূরণ করতে না পারলে কারখানা বন্ধ করে দেওয়া হবে।

বুধবার (১ ফেব্রুয়ারি) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্মেলন কক্ষে সাংবাদিকদের এমন তথ্য জানান কমিটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান।

সভা শেষ করে সালমান এফ রহমান সাংবাদিকদের বলেন, কমিটির দ্বিতীয় সভা হয়েছে আজ। ১৭টি কারখানা ২৫ নম্বরের কম পেয়েছে। তাদের নোটিশ দিয়ে দিচ্ছি, তিন মাসের মধ্যে তাদের কমপ্লাইন্ট দিতে হবে, যদি না দিতে পারে তাহলে বন্ধ করে দেওয়া হবে।

অপরদিকে, ২০৬টি কারখানা ৫০ নম্বরের কম পেয়েছে। তাদের বাধ্যবাধকতা পূরণ করতে ছয় মাস সময় দেওয়া হবে।