সম্পাদক

নিউজ ডেস্কঃ

প্রথম সেশনটা বেশ ভালোভাবেই কাটিয়েছে বাংলাদেশ। ৬৫ রানে আয়ারল্যান্ডের তিনটি উইকেট তুলে নিতে সক্ষম হয়েছিল টাইগার বোলাররা। কিন্তু দ্বিতীয় সেশনে আর উইকেটের দেখা পাচ্ছে না স্বাগতিকরা। ক্রমশ ভয়ঙ্কর হয়ে উঠছে হ্যারি টেক্টর ও কার্টিশ ক্যাম্ফার জুটি।

টেস্টে আইরিশ দলে দুই অভিষিক্ত ব্যাটার এরই মধ্যে তাদের জুটি ৫০ রান ছাড়িয়েছে। এখন পর্যন্ত ৩8 ওভারে তাদের সংগ্রহ ৩ উইকেট হারিয়ে ১১৭ রান। অর্ধশতকের পিছনে ছুটছেন টেক্টর। তিনি ৪৯ রানে ব্যাট করছেন। অপরপ্রান্তে ক্যাম্ফার ৩০ রানে অপরাজিত।

এর আগে দিনের শুরুতে মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে একমাত্র টেস্টের প্রথম সেশনে আগে ব্যাটিং বেছে নেয় সফরকারীরা। প্রথম সেশনে ২৬ ওভারে ৩ উইকেটে ৬৫ রান তুলে আয়ারল্যান্ড।

বাংলাদেশের পক্ষে একটি করে উইকেট নিয়েছেন শরিফুল ইসলাম, ইবাদত হোসেন ও তাইজুল ইসলাম। তবে দিনের প্রথম ঘণ্টাতেই দুটি রিভিউ হারিয়েছে টাইগাররা। ফলে এখন কিছুটা ব্যাকফুটে রয়েছে সাকিব বাহিনী।

এর আগে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নামে আইরিশরা। দুই ওপেনার জেমস ম্যাককুলাম আর মুরে কমিন্স শুরুটা বেশ সাবধানেই করেছিলেন। তবে পেসার শরিফুল ইসলামের কারণে সে প্রতিরোধ বেশিক্ষণ গড়তে পারেননি তারা।

পঞ্চম ওভারে দলীয় ১১ রানের মাথায় মুরে কমিন্সকে (৫) লেগ বিফোরের ফাঁদে ফেলে প্রথম ব্রেক থ্রু এনে দেন শরিফুল। এরপর অধিনায়ক বালবার্নিকে নিয়ে আরও কিছুক্ষণ চালিয়ে যান আরেক ওপেনার ম্যাককুলাম।

তবে জুটিটা বেড়ে উঠার আভাস দিতে যাওয়ার মূহুর্তে ইবাদতের বলে দ্বিতীয় স্লিপে ক্যাচ দিয়ে ফেরেন ম্যাককুলাম। তাতে ২৭ রানে দ্বিতীয় উইকেট হারায় তারা।

তৃতীয় উইকেটে প্রথম সেশনটা আর কোন বিপর্যয় হতে না দেওয়ার চেষ্টায় ছিলেন বালবার্নি-টেক্টর জুটি। তবে তাইজুল ইসলামের ভেতরে ঢোকা বলে সুইপ করতে গিয়ে এলবিডব্লিউতে কাবু হয়ে যান বালবার্নি। ভেঙে যায় ২১ রানের ছোট্ট জুটি। ৫০ বলে ১৬ করে ফেরেন বালবার্নি।

৪৮ রানে তৃতীয় উইকেট হারানো আয়ারল্যান্ডকে লাঞ্চ বিরতির আগের বাকিটা সময় টেক্টরের সঙ্গে দাঁড়িয়ে যান ক্যাম্ফার। এরপর ৬৫ রানে দ্বিতীয় সেশনে ব্যাটিংয়ে নেমে প্রতিরোধ গড়ে তোলেন তারা।

এই দুই ব্যাটারের জুটিতে দলের সংগ্রহ ১০০ ছাড়িয়ে যায়। তাদের পঞ্চাশোর্ধ্ব রানের অবিচ্ছিন্ন জুটিতে আইরিশদের বড় সংগ্রহের পথে ভয় ধরাচ্ছে স্বাগতিক শিবিরে।