সম্পাদক
বিনোদন ডেস্কঃ
শোবিজ অঙ্গনের স্টাইলিশ তারকা উরফি জাভেদ। সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্ভট পোশাকের কারণে বরাবরই আলোচনার শীর্ষে থাকেন তিনি।
কখনও তিনি দড়ি দিয়ে, কখনও আবার রাংতা জড়িয়ে খোলামেলা বেশে আসেন জনসম্মুখে। আবার অনেক সময় ব্লেড দিয়ে তৈরি করেছেন পোশাক। এক কথায় তিনি হেঁটেছেন নিয়ম ভাঙার পথে।
কিন্তু এ বার উরফির সুর বদল। হঠাৎ করেই সবার কাছে চাইলেন ক্ষমা। জানালেন, এমন কোনও পোশাকই আর পরবেন না যা অন্যের ভাবাবেগে আঘাত দেয়।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে উরফি লিখেছেন, ‘আমি ক্ষমা চাইছি মানুষের মনে আঘাত করার জন্য। আমি যা পরি সেই জন্যও ক্ষমা চাইছি। এ বার থেকে বদলে যাওয়া উরফিকে দেখতে পারবেন আপনারা। এখন থেকে অন্য রকম পোশাক পরব, মাফি (ক্ষমা)।’
এর আগে অদ্ভুত পোশাকের কারণে হুমকি, এফআইআর সব ধরনের ঝক্কি পোহাতে হয়েছে উরফিকে। তবে তিনি হাল ছাড়েননি। তবে হঠাৎ কেন তার এমন বোধোদয়, সেই প্রশ্নও তুলছেন অনেকে। কেউ আবার বেমালুম তাজ্জব বনে গেছেন। কেউ খুঁজছেন এমন ঘোষণার নেপথ্য কারণ।

