সম্পাদক
নিউজ ডেস্কঃ
অবরুদ্ধ শহর বাখমুটে রাশিয়া ফসফরাস বোমা হামলা চালিয়েছে বলে অভিযোগ তুলেছে ইউক্রেন। দেশটির সেনাবাহিনীর প্রকাশ করা ড্রোন ফুটেজে দেখা গেছে যে পুরো বাখমুট জ্বলছে।
দেখে ধারণা করা হচ্ছে, যে শহরজুড়ে সাদা ফসফরাসের বৃষ্টি হয়েছে। সাদা ফসফসরাস সমৃদ্ধ অস্ত্র নিষিদ্ধ নয়, তবে বেসামরিক এলাকায় এর ব্যবহার যুদ্ধাপরাধ হিসেবে গণ্য হয়। এ অস্ত্র দিয়ে আক্রমণ করলে একটি এলাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে যা নেভানো খুবই কঠিন। এর আগেও রাশিয়ার বিরুদ্ধে এ ধরণের অস্ত্র ব্যবহারের অভিযোগ উঠেছে।
বাখমুট শহর কৌশলগতভাবে কতটা গুরুত্বপূর্ণ, তা নিয়ে বিতর্ক থাকলেও গত কয়েকমাস ধরেই রুশ বাহিনী এই শহরটি দখলের চেষ্টা করছে। পশ্চিমা কর্মকর্তাদের ধারণা, বাখমুটে কয়েকমাস ধরে চলতে থাকা অভিযানে ইতোমধ্যেই কয়েক হাজার রুশ সৈন্য মারা গেছে।
ফসফরাস হামলা নিয়ে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের করা এক টুইটে উল্লেখ করা হয় যে ‘অগ্নিসংযোগকারী গোলা দিয়ে বাখমুটের অদখলকৃত এলাকাগুলোয়’ হামলা করা হয়েছে। ঠিক কোন সময় এই হামলা চালানো হয়েছে, তা এখনো পরিষ্কার নয়।
ইউক্রেন যে ভিডিও ফুটেজটি প্রকাশ করেছে – যেটিকে একটি নজরদারি করার ড্রোনের ফুটেজ হিসেবে ধারণা করা হচ্ছে – সেটিতে উঁচু ভবনগুলোতে দাউদাউ করে আগুন জ্বলতে দেখা যায়। সোশ্যাল মিডিয়ায় পোস্ট হওয়া অন্যান্য ফুটেজে দেখা যায় বড় এলাকাজুড়ে আগুন জ্বলছে আর রাতের আকাশ সাদা মেঘে ঢেকে আছে। কিন্তু হামলায় ফসফরাসের ব্যবহার হয়েছে কিনা, সে সম্পর্কে নিশ্চিত হতে পারেননি বিশ্লেষকরা।খবরঃ বিবিসি

