সম্পাদক

মোঃ মোবারক হোসেন, স্টাফ রিপোর্টার:

নরসিংদীর মনোহরদীতে প্রাণিসম্পদ অধিদপ্তরের প্রাণিপুষ্টির উন্নয়নে উন্নত জাতের ঘাস চাষ সম্প্রসারণ ও লাগসই প্রকল্পের অর্থায়নে খামারীদের মাঝে প্রথম কিস্তির নগদ অর্থ ও প্রযুক্তি বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৬ জুন) দুপুরে উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর প্রাঙ্গণে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাহফুজ উদ্দিন ভূইয়ার সঞ্চালনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিম এর সভাপতিত্বে খামারীদের মাঝে এ অর্থ ও প্রযুক্তি বিতরণ করা হয়।

এসময় প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.মাহফুজ উদ্দিন ভূইয়া জানান, দেশের মানুষের পুষ্টি চাহিদা পূরণে প্রাণিসম্পদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আর প্রাণিসম্পদ উৎপাদন বাড়াতে প্রাণিখাদ্য ব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরই ধারাবাহিকতায় উপজেলার লেবুতলা, চরমান্দালিয়া, বড়চাপা,শুকুন্দী ও একদুয়ারিয়া ইউনিয়নের খামারীদের মাঝে প্রাণিপুষ্টির উন্নয়নে অধিক উৎপাদনশীল (নেপিয়ার পাকচং-১) উন্নত জাতের ঘাস চাষের জন্যে প্রথম কিস্তির ৫ হাজার করে ১০ জন খামারীদের পঞ্চাশ হাজার টাকা নগদ অর্থ সহায়তা ও ১টি করে প্রদর্শনী সাইনবোর্ড বিতরণ করা হচ্ছে।

পর্যায়ক্রমে উপজেলার ১২টি ইউনিয়নের ২৪ জন খামারীকে অধিক উৎপাদনশীল উন্নত জাতের এ ঘাস চাষের জন্য অর্থ সহায়তা দেয়া হবে। এছাড়াও ১২টি ইউনিয়নের ৪৮ জন খামারীদের মাঝে (সাইলেজ,হে) লাগসই প্রযুক্তি বিতরণ করা হবে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা জাহিন শাকিল ভূইয়া, উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা জিয়া উদ্দিন, মনোহরদী উপজেলা শাখা লাইভস্টক সার্ভিস কর্মী কল্যাণ পরিষদের সভাপতি মো.খাদেমুল ইসলাম, উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা মো.নাজমুল হক, প্রাণিসম্পদ অধিদপ্তরের (LFA) আব্দুর রউফ, (CEA) আলমগীর হোসেন, বিভিন্ন ইউনিয়নের খামারীগণ,বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় সাংবাদিকবৃন্দ।