ওমর ফারুক
মোঃ মোবারক হোসেন, স্টাফ রিপোর্টার:
আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে নরসিংদীর মনোহরদীতে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ অক্টোবর) সকালে মনোহরদী থানা প্রাঙ্গণে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।মনোহরদী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.ফরিদ উদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিবপুর সার্কেলের সহকারি পুলিশ সুপার মো.মেজবাহ উদ্দিন।
তিনি বলেন,দুর্গাপূজা উপলক্ষে নরসিংদী জেলা পুলিশের পক্ষ থেকে মনিটরিং সেল স্থাপন করা হবে। সকল পূজা মন্ডপে কঠোর নিরাপত্তার ব্যবস্থা থাকবে।
উৎসবটি নির্বিঘ্নে শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য আইনশৃঙ্খলা রক্ষার্থে পুলিশের পক্ষ থেকে যা যা প্রয়োজন তাই করা হবে।
এর আগে সভার শুরুতে স্বাগত বক্তব্যে মনোহরদী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ফরিদ উদ্দিন আইনশৃঙ্খলা রক্ষার্থে করনীয় যেমন-প্রতিটি পূজামন্ডপে সিসি ক্যামেরা লাগানো, সাউন্ড বক্স না বাজিয়ে এবং বাজালে এর বিট ও সাউন্ড নিয়ন্ত্রণে রাখা,রাত ১১টার পর সাউন্ড বক্স বন্ধ রাখা, আযান ও নামাজের সময় ঢোল ও সাউন্ড বন্ধ রেখে ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রাখা, নিরাপত্তা নিশ্চিতে নিজস্ব স্বেচ্ছাসেবক ও স্থানীয় জনপ্রতিনিধি,কমিউনিটি পুলিশ,বিট পুলিশ অফিসার ও গ্রাম পুলিশের সমন্বয়ে আইনশৃঙ্খলা কমিটি করাসহ বিভিন্ন নিরাপত্তা বিষয়গুলো পালন করার আহবান জানান।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,মনোহরদী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান পরিষদ সভাপতি প্রিয়াশীষ রায়,উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সনজন রায়,সাধারণ সম্পাদক বিষ্ণুপদ সাহা প্রমূখ।
এছাড়াও বক্তব্য রাখেন, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি-সাধারণ সম্পাদকগণ।
মতবিনিময় সভায় সঞ্চালনা করেন মনোহরদী থানা তদন্ত কর্মকর্তা গোবিন্দ সরকার।
এবছর মনোহরদী উপজেলায় ৫৪টি পূজা মন্ডপে শারদীয় দূর্গাপূজা উদযাপন করা হবে।

