সম্পাদক
আন্তর্জাতিক ডেস্ক:
ইউক্রেন যুদ্ধের কারণে রাশিয়া ও ইইউ তথা ন্যাটো দেশগুলির স্থলসীমান্তে উত্তেজনা বাড়ছে৷ ফিনল্যান্ডের মানুষ ন্যাটোয় যোগ দিয়ে সুরক্ষা বাড়িয়ে নিলেও রাজধানী হেলসিংকির নীচে পাতাল জগতে আশ্রয় নিতে প্রস্তুত৷
মাত্র আধ মিনিটেই একেবারে ভিন্ন এক জগতে পৌঁছানো যায়৷ হেলসিংকি শহরের তিরিশ মিটার নীচে সেই পাতাল জগত৷ সুড়ঙ্গ ও ঘরের বিশাল এক গোলকধাঁধা নয় লাখ মানুষকে সুরক্ষা দিতে পারে৷ যুদ্ধের সময় ক্ষেপণাস্ত্র হামলা, রাসায়নিক অস্ত্র ও তেজস্ক্রিয় বিকিরণ থেকে বাঁচতে তারা সেখানে আশ্রয় নিতে পারেন৷
হেলসিংকির অন্যতম জনপ্রিয় প্লেগ্রাউন্ডে ছোট-বড় সবার জন্য হকির মাঠ, জিম, ক্যান্টিন, গাড়ির পার্কিং রয়েছে৷ অনেকে আবার সেখানে জন্মদিন পালন করতেও আসে৷
শহরের হাকেনিমি এলাকায় সবচেয়ে বড় বাংকার রয়েছে৷ তার মধ্যে দু-দুটি ফুটবল স্টেডিয়াম ঢুকে যেতে পারে৷ যুদ্ধ ঘটলে খুব কম সময়ের মধ্যে সেটি পুরোপুলি চালু এয়ার রেড শেল্টারে রূপান্তরিত করা সম্ভব৷ হেলসিংকি সিটি রেসকিউ ডিপার্টমেন্টের টোনি রাস্ক বলেন, ‘‘স্বাভাবিক পরিস্থিতিতে একটি বাংকার কয়েক ঘণ্টা থেকে কয়েক দিন পর্যন্ত কাজে লাগানোর ব্যবস্থা রয়েছে৷ বেশিরভাগ শেল্টারে আমরা প্রয়োজনে সেই সময়সীমা আরো বাড়াতে পারি৷ তবে সেখানে মানুষ থাকলে অনেক সমস্যাও হবে৷ মানুষের শরীরের উষ্ণতা একটা সমস্যা৷ আমি একাই যেমন সব সময়ে প্রায় একশো ওয়াট উত্তাপ সৃষ্টি করছি৷”
জরুরি পরিস্থিতিতে প্রায় ছয় হাজার মানুষ এমন এক বাংকারে আশ্রয় নিলে সমস্যা দেখা দেবে৷ এমন সমস্যা অবশ্য শুধু হেলসিংকিতেই সীমাবদ্ধ নয়৷ শহরটি গ্রানাইট ও গ্নিসের এক প্লেটের উপর অবস্থিত৷ বাংকারটি মাটির নীচে পাথুরে কাঠামোর মধ্যে রয়েছে৷ সেই পাথর স্থিতিশীলতা দিলেও খুবই শীতল৷ খবর: ডিডব্লিউ

