নিউজ ডেস্ক
আজ (১ জানুয়ারি ২০২৫) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষ্যে রমনাস্থ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত আলোচনা সভায় ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ছাত্রদলের নেতাকর্মীদের উদ্দেশ্যে তারেক রহমান বলেন,কোন হঠকারী সিদ্ধান্তের কারণে যাতে গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বিনষ্ট হওয়ার পরিস্থিতি সৃষ্টি না হয় এই ব্যাপারে ছাত্রদলের প্রতিটি নেতাকর্মীকে সতর্ক ও সজাগ থাকতে হবে। শিক্ষার্থীরাই জ্ঞান ভিত্তিক রাষ্ট্র ও সমাজ গঠনের প্রধান হাতিয়ার।
ছাত্রদলের নেতাকর্মীদের তিনি আরও বলেন”তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে, শিক্ষার্থীরাই জ্ঞান ভিত্তিক রাষ্ট্র ও সমাজ গঠনের প্রধান হাতিয়ার। রাষ্ট্র এবং রাজনীতি সম্পর্কে শিক্ষার্থীদের অবশ্যই সচেতন থাকতে হবে, তবে শিক্ষার্থী হিসেবে তোমাদের প্রথম এবং প্রধান লক্ষ্য হতে হবে লেখাপড়া।”

