
মোঃ হাছনাইন
সাগরে মাছ ধরার ওপর সরকারের ৫৮ দিনের নিষেধাজ্ঞা শুরু হয়েছিল ১৫ এপ্রিল। এক মাসের বেশি সময় কেটে গেলেও এখনো সরকারি প্রণোদনার চাল পাননি ভোলার নিবন্ধিত ৬৫ হাজার জেলে। ফলে পরিবার-পরিজন নিয়ে চরম মানবেতর জীবনযাপন করছেন তারা।
ভোলার দৌলতখান উপজেলার জেলে ফারুক মাঝি বলেন, “প্রতি বছরই চালের তালিকায় নাম থাকে, কিন্তু চাল ঠিকমতো মেলে না। যাদের সাগরে যাওয়ার বৈধ নিবন্ধন আছে, তারাই বরাদ্দ থেকে বঞ্চিত হয়। যারা চাল বিতরণ করে, তারা নিজেদের লোকদের পছন্দমতো তালিকাভুক্ত করে দেয়।”
অন্যদিকে জেলে শহীদ মাঝি ক্ষোভ ঝেড়ে বলেন, “সরকার ৫৮ দিনের অভিযান দিয়েছে, আমরা সেটা মানছি। জাল-নৌকা ফেলে বসে আছি। কিন্তু এক মাস পেরিয়ে গেলেও এখনো চাল পাইনি। কিস্তির টাকা দিতে এনজিওর লোকজন বাড়িতে এসে দাঁড়ায়। খেয়ে না খেয়ে দিন কাটাতে হচ্ছে।”
কাশেম মাঝি নামে এক জেলে বলেন, “নিষেধাজ্ঞা মানতে গিয়ে সাগরে যাচ্ছি না, কিন্তু নদীতেও মাছ নেই। ধার-দেনা বেড়ে যাচ্ছে। এমন অবস্থা চলতে থাকলে বাধ্য হয়ে আবার অনেকে চুরি করে সাগরে মাছ ধরতে যাবেন।”
জেলেদের অভিযোগ, মৎস্য বিভাগের অবহেলার কারণে বহু প্রকৃত জেলে নিবন্ধনের বাইরে রয়ে গেছেন। ফলে বরাদ্দকৃত চালও তাদের ভাগ্যে জুটছে না। তারা দ্রুত প্রকৃত জেলেদের তালিকা হালনাগাদ করে চাল বিতরণের দাবি জানান। একই সঙ্গে নিষেধাজ্ঞার সময় এনজিও কিস্তি বন্ধ রাখার দাবিও তোলেন।
এ বিষয়ে ভোলা জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব বলেন, “জেলেদের দীর্ঘদিনের দাবি বাস্তবায়নে এবার প্রতিবেশী দেশের সঙ্গে মিল রেখে ৬৫ দিনের পরিবর্তে ৫৮ দিনের অভিযান চালানো হচ্ছে। বরাদ্দ পাওয়া মাত্রই দ্রুত চাল বিতরণ কার্যক্রম শুরু হবে।”
জানা গেছে, ভোলার সাতটি উপজেলায় সাগরে মাছ ধরেন এমন জেলের সংখ্যা লাখের বেশি হলেও সরকারিভাবে নিবন্ধিত জেলের সংখ্যা ৬৫ হাজার। চলমান নিষেধাজ্ঞা ২১ জুন পর্যন্ত বহাল থাকবে। এ সময় জেলেদের জন্য দুই ধাপে মোট ৮৬ কেজি চাল দেওয়ার কথা— প্রথম ধাপে ৫৬ কেজি, দ্বিতীয় ধাপে ৩০ কেজি।
তবে বরাদ্দ না পৌঁছানো পর্যন্ত পরিবার নিয়ে অনিশ্চয়তার অন্ধকারেই দিন গুনছেন এই জেলেরা।

