ইয়াসিন আলী
কুড়িগ্রামের উলিপুরে বিপন্ন প্রজাতির ১০ ফুট দৈর্ঘ্যের একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। শনিবার (৯ আগস্ট) বিকেলে বন বিভাগের প্রতিনিধি আহত সাপটি উদ্ধার করে।ঘটনাটি ঘটেছে উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের ফকিরের চর এলাকায়।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে ফকিরের চরের বাসিন্দা আমজাদ আলী ব্রহ্মপুত্র নদের কোলায় নিষিদ্ধ চায়না ডারকি জাল পাতেন।এ সময় সাপটি মাছ খাওয়ার জন্য জালের ভেতরে ঢুকে পড়ে। আমজাদ আলী জাল তুলতে গেলে প্রায় ১৫ কেজি ওজনের ১০ ফুট দৈর্ঘ্যের অজগর সাপটি জালের মধ্যে নিয়ে আসেন। খবরটি জানাজানি হলে সাপটিকে দেখতে এলাকার মানুষজন ভিড় জমায়।বুড়াবুড়ি ইউনিয়ন পরিষদের স্থানীয় ইউপি সদস্য আব্বাস আলী বলেন, সাপটিকে দেখে এসেছি। পরে বন বিভাগের কুড়িগ্রাম প্রতিনিধি লোক এসেছে।
ওয়াইল্ডলাইফ অ্যান্ড স্নেক রেসকিউ টিমের প্রতিনিধি নাঈম ইসলাম বলেন, বার্মিজ পাইথন একটি নির্বিষ এবং বিপন্ন প্রজাতির সাপ। এরা মানুষের কোনো ক্ষতি করে না, বরং আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অনেকেই ভয় বা ভুল ধারণার কারণে এ ধরনের সাপকে মেরে ফেলে।তিনি বলেন, সাপটি মাথায় আঘাতপ্রাপ্ত। চিকিৎসার জন্য রংপুরে পাঠানো হয়েছে। উলিপুর উপজেলা বন বিভাগের কর্মকর্তা ফজলুল হক বলেন, সাপটি উদ্ধার করে রংপুর চিড়িয়াখানায় পাঠানো হয়েছে।

