মেহেদী হাসান
নিজস্ব প্রতিবেদক


নরসিংদীর পলাশে ঘোড়াশাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের একটি সাবস্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ১৩২/৩৩ কেভির একটি ট্রান্সফরমার সম্পূর্ণভাবে পুড়ে যায়।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে আগুন লাগলে বিদ্যুৎকেন্দ্র এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পলাশ ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

অগ্নিকাণ্ডের কারণে নরসিংদীর পলাশ ও গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। প্রায় ৬ ঘণ্টা পর বিকল্প লাইনের মাধ্যমে পুনরায় বিদ্যুৎ সরবরাহ চালু করা হয়।

ঘোড়াশাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী এনামুল হক জানান, “হঠাৎ সাবস্টেশনের জাতীয় গ্রিডের একটি ট্রান্সফরমারে আগুন ধরে যায়। দ্রুত ফায়ার সার্ভিস এসে তা নিয়ন্ত্রণে আনে। তবে অগ্নিকাণ্ডের সঠিক কারণ নিশ্চিত নয়। প্রাথমিকভাবে শর্ট সার্কিটকে কারণ হিসেবে ধারণা করা হচ্ছে।”

এ ঘটনায় বিদ্যুৎকেন্দ্র কর্তৃপক্ষ ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ শুরু করেছে।