বিশেষ প্রতিনিধি
জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার চব্বিশ ঘন্টা না পেরোতেই একজন জুলাই যোদ্ধা ও সংসদ সদস্য প্রার্থীর ওপর হামলা অত্যন্ত উদ্বেগজনক। এই ন্যাক্কারজনক সন্ত্রাসী ঘটনা আগামী জাতীয় নির্বাচনে প্রার্থী, জুলাই যোদ্ধা এবং জন নিরাপত্তা নিয়ে নতুন করে আশঙ্কা তৈরি করেছে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়।
আজ ১২ ডিসেম্বর ২০২৫ শুক্রবার সন্ধ্যায় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় সভাপতি মুনতাছির আহমাদ ও সেক্রেটারি জেনারেল সুলতান মাহমুদ এক যৌথ বিবৃতিতে এই ঘটনায় নিন্দা ও জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
নেতৃবৃন্দ বলেন, দীর্ঘ প্রতীক্ষিত জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা চলছে। জুলাইয়ের ব্যর্থ অপশক্তি, পুরাতন বন্দোবস্তের অপরাজনীতি এবং কালচারাল আধিপত্য যারা চলমান রাখতে চায় এটি তাদের একটি নোংরা ও ঘৃণ্য রাজনীতির স্পষ্ট বহিঃপ্রকাশ। মানুষ হত্যা করে রাজনৈতিক ফায়দা নেয়ার হীন অপচেষ্টা আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করি।
বিবৃতিতে নেতৃবৃন্দ অনতিবিলম্বে তদন্ত সাপেক্ষে জড়িত সন্ত্রাসীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি ও দেশব্যাপী নিরাপত্তা বলয় গড়ে তুলে জন-নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানান। নেতৃবৃন্দ রাষ্ট্রীয়ভাবে সর্বোচ্চ সুচিকিৎসা নিশ্চিত করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়ে শরীফ ওসমান হাদীর সুস্থতা কামনা করে করেন এবং দেশবাসীর কাছে আন্তরিক দোয়া প্রত্যাশা করেন।

