ওমর ফারুক
বার্তা সম্পাদক

নরসিংদীর শিবপুর উপজেলার দুলালপুর ইউনিয়নে পূর্বশত্রুতার জেরে এক ব্যক্তির বাগানের শতাধিক গাছের চারা কেটে ফেলার অভিযোগ উঠেছে।

একই সঙ্গে তার পুকুর থেকে মাছ লুট করে নিয়ে যাওয়ার ঘটনাও ঘটেছে বলে জানা গেছে।ভুক্তভোগী হুমায়ুন কবির শিকদার জানান, গত শুক্রবার গভীর রাতে দুলালপুর ইউনিয়নের পারাতলা শিমুলীয়া বন্দের মাঠ এলাকায় তার মালিকানাধীন একটি বড় পুকুরের চারপাশে লাগানো বিভিন্ন গাছের চারা দুর্বৃত্তরা কেটে ফেলে।

তিনি বলেন, ওই বাগানে কলা ও পেঁপে গাছের পাশাপাশি প্রায় ১২০টি এক বছর বয়সী মেহগনি গাছের চারা ছিল, যা সম্পূর্ণভাবে নষ্ট করে দেওয়া হয়েছে।অভিযোগে তিনি আরও জানান, পূর্বশত্রুতার জেরে পরিকল্পিতভাবে রাতের অন্ধকারে গাছগুলো গোড়া থেকে কেটে ফেলা হয়।

একই সময় পুকুরে থাকা মাছও ধরে নিয়ে যায় দুর্বৃত্তরা।হুমায়ুন কবির শিকদার বলেন, “আমার সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এর আগেও বিভিন্নভাবে আমাকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করা হয়েছে।”

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দোষীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।