
ওমর ফারুক
নরসিংদী সদর উপজেলার কাঠালিয়া ইউনিয়নের প্রাণকেন্দ্র খড়িয়া বাজারে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ী ও দোকানিরা। তারা বলছেন, বাজারের সার্বিক উন্নয়ন ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে প্রয়োজন দক্ষ, সৎ ও যোগ্য নেতৃত্ব।
স্থানীয়দের অভিযোগ, ২০২৪ সালের পরবর্তী সময়ে খড়িয়া বাজারে নানা অনিয়ম ও বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে। এসব ঘটনা অনেকের নজরে এলেও ভয়ের কারণে কেউ প্রকাশ্যে মুখ খোলেননি। ফলে দীর্ঘদিন ধরে বাজারের স্বাভাবিক পরিবেশ ব্যাহত হয়েছে।
বাজারের একাধিক দোকানি জানান, “আমরা এমন একটি নেতৃত্ব চাই, যারা সত্যিকার অর্থে বাজারের উন্নয়নে কাজ করবে। স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে ব্যবসায়ীদের আস্থা ফিরিয়ে আনবে।”
তারা আরও বলেন, খড়িয়া বাজারকে আধুনিক ও সুশৃঙ্খলভাবে গড়ে তুলতে হলে একটি অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন অত্যন্ত জরুরি। এতে করে যোগ্য নেতৃত্ব উঠে আসবে এবং বাজার ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আসবে।
সাধারণ ব্যবসায়ীরা আশা করছেন, আসন্ন নির্বাচনে সৎ, সাহসী ও যোগ্য ব্যক্তিরা নেতৃত্বে আসবেন এবং খড়িয়া বাজারকে নতুনভাবে ঢেলে সাজাবেন।

