মোঃ মুক্তাদির হোসেন
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় পৃথক অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। এ ঘটনায় তাদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।

থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৯ এপ্রিল ২০২৬) উপজেলার শিংলাব এলাকার মোমেন মোড়লের ফসলি জমি থেকে স্থানীয় জনসাধারণ নাজিম উদ্দিন শেখের পুত্র আমান উল্লাহকে আটক করে। পরে খবর পেয়ে কালীগঞ্জ থানার এসআই (নি:) অপূর্ব কুমার বাইন ঘটনাস্থলে পৌঁছে তাকে গ্রেফতার করেন। এ সময় তার দেহ তল্লাশি করে ৪১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় মামলা (নং-১৬, তারিখ: ৯ এপ্রিল ২০২৬) দায়ের করা হয়েছে।

অপরদিকে, একই দিনে উপজেলার তুমুলিয়া ইউনিয়নের টেকমানিকপুর গ্রামের একটি ব্রিজ সংলগ্ন এলাকায় আমানের দোকানের সামনে ইটের রাস্তা থেকে স্থানীয়রা নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার বড়বাগলা গ্রামের মৃত আনোয়ার হোসেন খানের পুত্র লোকমান হোসেন (৩৫)-কে আটক করে। খবর পেয়ে কালীগঞ্জ থানার এসআই (নি:) মো. জহিরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে তাকে গ্রেফতার করেন। এ সময় তার কাছ থেকে ৯ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা (নং-১৭, তারিখ: ৯ এপ্রিল ২০২৬) দায়ের করা হয়েছে।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন জানান, আটককৃতরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে প্রেরণ করা হয়েছে।