
ওমর ফারুক
অসাধারণ মেধা ও কৃতিত্বের স্বাক্ষর রেখে যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার পথে বড় সাফল্য অর্জন করেছেন নরসিংদীর মেধাবী শিক্ষার্থী তাহরিমা ইসলাম (১৫)। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কভিত্তিক সাতটি খ্যাতনামা আন্তর্জাতিক শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রায় ১০ কোটির বেশি টাকার বৃত্তির অফার পেয়েছেন তিনি।
তাহরিমা নরসিংদী জেলার শিবপুর উপজেলার দক্ষিণ কারারচর এলাকার বাসিন্দা মোহাম্মদ শফিকুল ইসলাম ও মরিয়ম রুনির কন্যা। তিনি নরসিংদীর স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান পিনাকল চার্টার্ড স্কুল অ্যান্ড কলেজের ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থী।
জানা গেছে, একাদশ শ্রেণিতে ভর্তির জন্য তাহরিমা যুক্তরাষ্ট্রের নিউইয়র্কভিত্তিক বেশ কয়েকটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানে আবেদন করেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো—হোসেক স্কুল (Hoosac School), বেসান্ট হিল স্কুল (Besant Hill School), ওক হিল একাডেমি (Oak Hill Academy), আইওলান স্কুল (IOLAN School), ওকউড ফ্রেন্ডস স্কুল (Oakwood Friends School), কেন্টস হিল স্কুল (Kent’s Hill School)সহ মোট সাতটি প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠান তার মেধা ও যোগ্যতার স্বীকৃতি হিসেবে সম্মিলিতভাবে প্রায় ১০ কোটির বেশি টাকার বৃত্তির প্রস্তাব দিয়েছে।
শুধু পড়াশোনায় নয়, সহশিক্ষা কার্যক্রমেও সমান দক্ষ তাহরিমা। স্কুল, উপজেলা ও জেলা পর্যায়ের বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে একাধিক পুরস্কার অর্জন করেছেন তিনি।
বর্তমানে তিনি ও তার পরিবার কোন প্রতিষ্ঠানে ভর্তি হওয়া তার ভবিষ্যতের জন্য সবচেয়ে উপযোগী হবে, তা নিয়ে যাচাই-বাছাই করছেন। আসন্ন এসএসসি পরীক্ষা শেষে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে যাওয়ার পরিকল্পনা রয়েছে তার।
নিজের এই সাফল্যের পেছনে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের অবদান কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করে তাহরিমা বলেন, ভবিষ্যতে ভালো ফলাফল অর্জনের মাধ্যমে পরিবার, প্রতিষ্ঠান এবং নরসিংদী জেলার সুনাম আরও উজ্জ্বল করতে চান তিনি। এ জন্য তিনি সকলের দোয়া কামনা করেছেন।

