
মেহেদী হাসান
নরসিংদীতে জ্বালানি তেলের বাজারে চলছে ভয়াবহ নৈরাজ্য। সরকারি নিষেধাজ্ঞা তোয়াক্কা না করে ড্রাম ও বোতলে তেল বিক্রি, অতিরিক্ত দাম আদায় এবং প্রভাবশালীদের ‘ভিআইপি’ সুবিধা দিতে গিয়ে সাধারণ বাইকারদের ঘণ্টার পর ঘণ্টা তপ্ত রোদে দাঁড় করিয়ে রাখার অভিযোগ উঠেছে জেলার নামী-দামী ফিলিং স্টেশনগুলোর বিরুদ্ধে।
সরেজমিনে দেখা যায় বৃহস্পতিবার সকাল ৮টা থেকেই সাহেব প্রতাব আজাদ ফিলিং স্টেশনে বাইকারদের দীর্ঘ লাইন। শত শত মানুষ যখন এক লিটার তেলের জন্য চাতক পাখির মতো অপেক্ষায়, তখন পাম্পের ভেতর ভিন্ন চিত্র। লাইনে দাঁড়ানো বাইকারদের উপেক্ষা করে পেছনের দরজা দিয়ে অবাধে বিক্রি হচ্ছে বোতলজাত অকটেন।
অভিযোগ উঠেছে, লিটার প্রতি নির্ধারিত দামের চেয়েও অনেক বেশি রাখা হচ্ছে বোতলজাত তেলের ক্ষেত্রে। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকা ভুক্তভোগীরা যখন এই অন্যায়ের প্রতিবাদ করতে যান, তখন সহযোগিতার বদলে পাম্প কর্তৃপক্ষের কাছ থেকে জোটে চরম দুর্ব্যবহার। “আমরা রোদে পুড়ে মরছি লাইনে, আর তারা বোতলে ভরে তেল পাচার করছে বেশি দামে। প্রতিবাদ করলে বলে তেল নিলে নেন, না হলে চলে যান।” — ক্ষুব্ধ এক মোটরবাইক চালক।
দুপুর ১২টা থেকে তেল দেওয়ার কথা থাকলেও সুলতানা ফিলিং স্টেশনে শুরু হয় টালবাহানা। চৈত্র-বৈশাখের প্রখর রোদে যখন জনজীবন ওষ্ঠাগত, তখন পাম্পের কর্মচারীরা মেতে ওঠেন ‘তেল-বাণিজ্য’ নিয়ে। পাম্প কর্মচারী ও স্থানীয় কিছু প্রভাবশালী যুবকের সিন্ডিকেট তৈরি হয়েছে এখানে। লাইনে থাকা শত শত বাইককে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে উল্টো পথে গাড়ি ঢুকিয়ে দেওয়া হচ্ছে চাহিদামতো তেল।
অভিযোগ আছে, অতিরিক্ত আর্থিক সুবিধার বিনিময়ে সাধারণ চালকদের বঞ্চিত করে এই অবৈধ সুবিধা দেওয়া হচ্ছে। বিকেলের দিকে সাধারণ চালকরা একজোট হয়ে প্রতিবাদ করলে শুরু হয় নাটক। অবৈধ সুবিধা দিতে না পারায় পাম্পের কর্মচারীরা তেল বিতরণ বন্ধ করে দিয়ে প্রায় এক ঘণ্টা চালকদের জিম্মি করে রাখে। পরিস্থিতি হাতের বাইরে চলে গেলে খবর দেওয়া হয় পুলিশকে। পরে পুলিশের উপস্থিতিতে পুনরায় তেল বিতরণ শুরু হয়। নরসিংদীর এই ফিলিং স্টেশনগুলোতে যে ‘তেল-সিন্ডিকেট’ গড়ে উঠেছে, তা সাধারণ মানুষের নাভিশ্বাস তুলছে।
সরকারি নির্দেশনার তোয়াক্কা না করা এই অসাধু ব্যবসায়ীদের লাগাম টানবে কে? ভুক্তভোগীদের দাবি, শুধু মৌখিক সতর্কবার্তা নয়, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এসব পাম্পের লাইসেন্স বাতিলসহ কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক। তেল নিয়ে এই তেলেসমাতি বন্ধ না হলে সাধারণ মানুষের ক্ষোভ যে কোনো সময় বড় ধরনের আইন-শৃঙ্খলার অবনতি ঘটাতে পারে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কি এর প্রতিকার করবেন?

