নিজস্ব প্রতিবেদক
চরমান্দালিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি ২০২৬ শিক্ষা বর্ষের শিক্ষার্থীদের বিদায় উপলক্ষে এক আবেগঘন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল্লাহ আল মামুন স্যারের সভাপতিত্বে অনুষ্ঠানটি সুশৃঙ্খলভাবে পরিচালিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কটিয়াদি ডিগ্রি কলেজের সাবেক জিএস নুরুল হক আরজু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিগানর রহমান গোলাপ। এছাড়াও উপস্থিত ছিলেন চরমান্দালিয়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আলমগীর হোসেন।
অনুষ্ঠানে আরও অংশগ্রহণ করেন জাতীয়তাবাদী ঐক্য পরিষদের সিনিয়র যুগ্ম সভাপতি রফিকুজ্জামান রবি এবং ছাত্রদলের তরুণ নেতৃবৃন্দ এমডি আতিকুল ইসলাম, নওশিন নাবিল তন্ময় ও আনিক ভাউ। পাশাপাশি শিক্ষার্থীদের অভিভাবকরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বিদায়ী শিক্ষার্থীদের সম্মানে আয়োজিত এ অনুষ্ঠানে বিদায়ী ছাত্রীসহ অত্র প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষার্থীরা বক্তব্য রাখেন। বক্তব্য চলাকালে অনেকেই আবেগ ধরে রাখতে না পেরে অশ্রুসিক্ত হয়ে পড়েন। এ সময় বিদ্যালয়ের পরিবেশ ভারী হয়ে ওঠে, যা উপস্থিত সকলকে নাড়া দেয়।
অনুষ্ঠানের শেষ পর্বে অতিথিবৃন্দ ও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা এসএসসি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তাঁদের পরামর্শ ও উৎসাহ শিক্ষার্থীদের সামনে এগিয়ে যাওয়ার পথকে আরও সুদৃঢ় করবে বলে আশা প্রকাশ করা হয়।

