নিউজ ডেস্ক

নরসিংদীর রায়পুরা উপজেলার হাশিমপুর এলাকায় এক মাদরাসা শিক্ষার্থী ধর্ষণের ঘটনায় শালিস-দরবারের অভিযোগ ঘিরে আলোচনার মধ্যে নিজের অবস্থান পরিষ্কার করেছেন জেলা বিএনপির সহকারী কোষাধ্যক্ষ ও রায়পুরা পৌরসভার সাবেক মেয়র আ. কুদ্দুস মিয়া। 

তিনি দাবি করেছেন, ঘটনাস্থলে গিয়ে তিনি কোনো ধরনের শালিসে অংশ নেননি; বরং শুরু থেকেই বিষয়টিকে রাষ্ট্রীয় অপরাধ হিসেবে বিবেচনা করে আইনি ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছেন।

আ. কুদ্দুস মিয়া জানান, গত ২৪ এপ্রিল তিনি একটি অনুষ্ঠানে থাকা অবস্থায় কয়েকজন স্থানীয় ব্যক্তি ও সংশ্লিষ্ট মাদরাসা কর্তৃপক্ষ তাকে একাধিকবার ফোন দিয়ে হাশিমপুর জান্নাতুল বুশরা বালিকা মাদরাসায় উত্তেজিত জনতার ভাঙচুরের কথা জানায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে তার উপস্থিতি কামনা করে। পরে তিনি দ্রুত ঘটনাস্থলে পৌঁছান।

তিনি বলেন, সেখানে গিয়ে তিনি জানতে পারেন, মাদরাসার এক শিক্ষার্থী ধর্ষণের শিকার হয়েছে। বিষয়টি জানার পরপরই তিনি উপস্থিত লোকজনকে স্পষ্টভাবে জানান, এটি কোনোভাবেই সামাজিকভাবে মীমাংসার বিষয় নয়, বরং এটি একটি গুরুতর ফৌজদারি অপরাধ। তিনি সবাইকে আইনগত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান এবং থানায় অভিযোগ দায়েরের পরামর্শ দেন।

তার ভাষ্য অনুযায়ী, “আমি সেখানেই বলে দিয়েছি এটা রাষ্ট্রীয় অপরাধ, এখানে কোনো দরবার চলবে না। আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। এরপর আমি সেখান থেকে চলে আসি।” তিনি আরও বলেন, পরবর্তীতে কেউ শালিস করেছে কি না বা কোনো ধরনের আর্থিক লেনদেন হয়েছে কি না, সে বিষয়ে তার কোনো জ্ঞান বা সম্পৃক্ততা নেই।

এদিকে জেলা বিএনপির সহ-সভাপতি মো. ফাইজুর রহমানও আ. কুদ্দুসের পক্ষে কথা বলেছেন। তিনি দাবি করেন, আ. কুদ্দুস একজন সৎ ও জনপ্রিয় ব্যক্তি এবং আসন্ন পৌরসভা নির্বাচনকে সামনে রেখে একটি স্বার্থান্বেষী মহল তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। 

তার মতে, “এলাকার মানুষ সমস্যার সমাধানের জন্য তাকে ডেকেছিল। কিন্তু অপরাধের বিষয়টি জানতে পেরে তিনি নিজেই সরে দাঁড়ান এবং আইনি প্রক্রিয়ায় যাওয়ার পরামর্শ দেন।”

উল্লেখ্য, গত ২৪ এপ্রিল রায়পুরা উপজেলার হাশিমপুর এলাকার জান্নাতুল বুশরা বালিকা মাদরাসায় প্রায় ১০ বছর বয়সী এক শিক্ষার্থী ধর্ষণের শিকার হয় বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় মাদরাসার শিক্ষক মো. জুনায়েদের বিরুদ্ধে রায়পুরা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

ঘটনার পর স্থানীয় কিছু মহলের বিরুদ্ধে শালিসের মাধ্যমে বিষয়টি মীমাংসার চেষ্টা এবং প্রায় ৩ লাখ টাকা লেনদেনের অভিযোগ ওঠে। এই অভিযোগে কয়েকজন স্থানীয় বিএনপি নেতার নাম সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যার মধ্যে আ. কুদ্দুসের নামও উল্লেখ করা হয়।

তবে এসব অভিযোগকে ভিত্তিহীন দাবি করে আ. কুদ্দুস মিয়া বলেন, “তথ্য যাচাই না করে বিভ্রান্তিকর প্রচারণা চালানো ঠিক নয়। এতে ব্যক্তি ও সমাজ দুইই ক্ষতিগ্রস্ত হয়।” তিনি গণমাধ্যমকর্মীদের প্রতি সঠিক তথ্য যাচাই করে সংবাদ প্রকাশের আহ্বান জানান।

এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং ভুক্তভোগীর পরিবারের ন্যায়বিচারের দাবি ক্রমেই জোরালো হচ্ছে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, অভিযোগের বিষয়ে তদন্ত চলমান রয়েছে এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।