মোঃ আশিকুর রহমান
আজমিরীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি

দীর্ঘ প্রতীক্ষার পর  হবিগঞ্জের আজমিরীগঞ্জ-বানিয়াচং শরিফ উদ্দিন সড়কের সংস্কারকাজ হওয়ায় দুই উপজেলার জনসাধারণের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তবে এই স্বস্তির মাঝেই দেখা দিয়েছে কিছুটা অস্বস্তি ও সংশয়। 

দিনের বেলায় সড়কের পাথর বালির  মিশ্রন বিছিয়ে  এবং রোলা সহ বিভিন্ন কাজ করে রাতের আঁধারে আজমিরীগঞ্জ-বানিয়াচং শরীফ উদ্দিন সড়ক অংশে কার্পেটিংয়ের কাজ করা হয়, তবে কাজের মান ও স্থায়িত্ব নিয়ে স্থানীয়দের মধ্যে কৌতূহল।

সমাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে দেখা গেছে রাতের আধারে বিটুমিন ঢালাই ও রোলারের মাধ্যমে কার্পেটিংয়ের কাজ করা হয়েছে। এবং সড়কের বিভিন্ন  অংশে পুরাতন কার্পেটে নতুন কার্পেটের প্রলেব দেওয়া হয়েছে।  সড়কের চলমান সংস্কার কাজ শেষ না হতেই বিভিন্ন স্থানে নতুন কার্পেটিংয়ে ফাটল এবং ভাঙন দেখা দিয়েছে ও বিভিন্ন অংশে জুরাতালি প্রলেব দেওয়া হচ্ছে।

নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার এবং যথাযথ তদারকির অভাবে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে স্থানীয়রা অভিযোগ করেছেন। সংস্কার কাজে পুরানো কার্পেটের ওপর নতুন কার্পেটের প্রলেপ দেওয়া হচ্ছে, যা টেকসই হচ্ছে না।সড়ক বিভাগ সূত্রে জানা গেছে, এই সড়কটি একটি ৩২ কোটি টাকার মেগা প্রকল্পের আওতাভুক্ত এবং বর্তমানে এর সংস্কারকাজ টিবিএল ঠিকাদারি প্রতিষ্ঠানকে দেওয়া হয়েছে।

একসময় শরিফ উদ্দিন সড়কের অবস্থা এতটাই নাজুক হয়ে পড়েছিল যে সেটিকে আর সড়ক বলা যেত না। বরং এটি ছিল দুর্ভোগ, দুর্ঘটনা ও দীর্ঘশ্বাসের প্রতীক।

১৭ কিলোমিটার দীর্ঘ এই সড়কটি ২০১৭ সালে ১১৬ কোটি টাকা ব্যয়ে সড়ক ও জনপথ বিভাগ (সওজ) নির্মাণ করে। কিন্তু দীর্ঘদিন কোনো সংস্কার না হওয়ায় সড়কটি ধীরে ধীরে ভয়ংকর মৃত্যুফাঁদে পরিণত হয়।

খানাখন্দ, ভাঙা কার্পেট ও জলাবদ্ধতার কারণে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটেছিল এবং সাধারণ মানুষের ভোগান্তি চরমে পৌঁছায়। সড়কের ইস্টিমেট অনুযায়ী ৩২কোটি টাকার মেগা প্রকল্পে  সড়কে ৪০ এমএম পুরু কার্পেট দেওয়া হচ্ছে এবং কিছু কিছু জায়গায় প্রয়োজন অনুযায়ী ৫০ এমএম কার্পেট বসানো হবে।

এই সংস্কারকাজের তিন বছরের দায় ঠিকাদারের ওপর থাকবে। এই সময়ের মধ্যে সড়কের কোনো ধরনের ক্ষতি বা মেরামতের প্রয়োজন হলে ঠিকাদারি প্রতিষ্ঠান নিজ দায়িত্বে তা সম্পন্ন করবে।

এই বিষয় নিয়ে  সড়কের সংস্কার কাজের সুপারভাইজার আমিনুল ইসলাম এর সঙ্গে আলোচনা করলে তিনি জানান  ভারি বৃষ্টির কারনে সড়কের সাইডে মাটি  সরে গেছে মাটি দেওয়া হচ্ছে। বেশি  লোড গাড়ি  যাওয়ায়   ফাটল দেখা দিয়েছে এবং  যে সব জায়গায় সমস্যা হবে সেই সব জায়গায় পূর্ণরায় কাজ করা হবে।