
মোঃ আশিকুর রহমান
হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলা-তে কুশিয়ারা কালনী নদী তীরে সক্রিয় হয়ে উঠেছে বালুখেকো চক্র। অভিযোগ উঠেছে, প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে গভীর রাতে অবৈধ ড্রেজার মেশিন ব্যবহার করে নদী থেকে বালু উত্তোলন করা হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, একটি প্রভাবশালী চক্র দীর্ঘদিন ধরে এই অবৈধ কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ড্রেজার মেশিনের মাধ্যমে উত্তোলিত বালু স্টিল বোটে করে আজমিরীগঞ্জের বিভিন্ন স্থানে এনে আনলোড করা হচ্ছে।
সরেজমিনে দেখা গেছে, অব্যাহত বালু উত্তোলনের ফলে নদীর তীরে ভাঙন তীব্র আকার ধারণ করছে। এতে আশপাশের ফসলি জমি হুমকির মুখে পড়েছে। এলাকাবাসী জানায়, প্রভাবশালী চক্রের কারণে ভয়ে কেউ মুখ খুলতে সাহস পাচ্ছে না। কোনো নিয়ম-নীতির তোয়াক্কা না করেই চলছে এই বালু উত্তোলন কার্যক্রম।
স্থানীয়দের আশঙ্কা, দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে ভবিষ্যতে নদীর তীর ও বাঁধ মারাত্মক ক্ষতির সম্মুখীন হবে, পাশাপাশি বিলীন হয়ে যেতে পারে বিস্তীর্ণ কৃষিজমি।
এ বিষয়ে এস এফ রেজাউল করিম, উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, “আমাদের কাছে কয়েকটি অভিযোগ এসেছে। আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি এবং খুব দ্রুতই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

