ওমর ফারুক
বার্তা সম্পাদক

ঢাকা আইনজীবী সমিতির (ঢাকা বার) ২০২৬-২০২৭ মেয়াদের কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে সিনিয়র সহ-সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন নরসিংদী জেলার মাধবদীর কৃতি সন্তান অ্যাডভোকেট ইলতুৎমিশ সওদাগর এ্যানি।

নির্বাচনে বিএনপি সমর্থিত প্যানেল নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে। বিপরীতে জামায়াত সমর্থিত প্রার্থীরা একটি পদেও জয়লাভ করতে পারেননি। 

শুক্রবার (১ মে) রাত ১০টার দিকে নির্বাচন কমিশনার অ্যাডভোকেট রায়হান মোর্শেদ বেসরকারিভাবে ফলাফল নিশ্চিত করেন। আনুষ্ঠানিক ঘোষণা পরবর্তীতে দেওয়া হবে বলে তিনি জানান।

এর আগে, গত বুধবার ও বৃহস্পতিবার সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত বিরতির পর বিকাল ৫টা পর্যন্ত চলে। দুই দিনে মোট ৭ হাজার ১৬৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে প্রথম দিনে ভোট দেন ২ হাজার ৭৫৯ জন এবং দ্বিতীয় দিনে ৪ হাজার ৪১০ জন।

দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ বার হিসেবে পরিচিত ঢাকা আইনজীবী সমিতির এ নির্বাচনে জয়লাভ করে আলোচনায় এসেছেন অ্যাডভোকেট ইলতুৎমিশ সওদাগর এ্যানি। তিনি নরসিংদী জেলার মাধবদী উপজেলার কাঠালিয়া এলাকার বাসিন্দা।

পারিবারিক জীবনে তিনি ৫ ভাই ও ৫ বোনের মধ্যে মেঝো। তার বাবা বোরহান উদ্দিন এবং মা ফিরোজা বেগম। ছোটবেলা থেকেই মেধা ও অধ্যবসায়ের পরিচয় দিয়ে আইন পেশায় নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তিনি।

তার এই বিজয়ে নরসিংদীসহ স্থানীয় আইনজীবী মহল ও সাধারণ মানুষের মধ্যে আনন্দ ও গর্বের অনুভূতি বিরাজ করছে। অনেকেই আশা প্রকাশ করেছেন, তার নেতৃত্বে ঢাকা বার আরও গতিশীল ও কার্যকর ভূমিকা পালন করবে।