বিশেষ প্রতিনিধি
‘আমাদের নার্স, আমাদের ভবিষ্যৎ—জীবন রক্ষায় প্রয়োজন, নার্সদের ক্ষমতায়ন’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাভারের আশুলিয়ায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নার্স দিবস পালিত হয়েছে। আধুনিক নার্সিং পেশার অগ্রদূত ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্মদিন উপলক্ষে ঢাকা ইপিজেড সংলগ্ন মাউন্ট ভিউ নার্সিং কলেজে আজ রোববার দিনব্যাপী নানা বর্ণাঢ্য কর্মসূচি পালিত হয়।
দিবসটি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের মধ্যে ছিল আনন্দ শোভাযাত্রা, ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি প্রথম বর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম, কেক কাটা, আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। মাউন্ট ভিউ নার্সিং কলেজের প্রিন্সিপাল শামসুন্নাহার-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ও প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন তিনি নিজেই।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের ভাইস প্রিন্সিপাল আব্দুল্লাহ আল মুরাদ। অনুষ্ঠানে কলেজের সকল শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৭৪ সাল থেকে বাংলাদেশে নার্স দিবস পালিত হয়ে আসছে। শুরুতে সীমিত পরিসরে হলেও বর্তমানে সারাদেশের মতো মাউন্ট ভিউ নার্সিং কলেজেও অত্যন্ত গুরুত্বের সাথে দিনটি উদযাপিত হচ্ছে।
বক্তারা আরও বলেন, ভবিষ্যৎ স্বাস্থ্যসেবা নিশ্চিতে নার্সদের দক্ষ গড়ে তোলা এবং তাদের ক্ষমতায়ন অত্যন্ত জরুরি। অনুষ্ঠানটি সফল করতে সার্বিক সহযোগিতা করেন বিএসসি ইন নার্সিং চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো. পবিত্র মিয়া, তৃতীয় বর্ষের প্রবাল হোসেন প্রতীকসহ কলেজের অন্যান্য ছাত্র-ছাত্রীবৃন্দ। আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে শিক্ষার্থীরা তাদের মেধা ও সৃজনশীলতা প্রদর্শন করেন।

