ওমর ফারুক
বার্তা সম্পাদক

নরসিংদীর রায়পুরা পৌর এলাকায় নির্ধারিত সময়ের মধ্যে ভারি যানবাহন চলাচলের নিষেধাজ্ঞা অমান্য করায় ৬টি যানবাহনের চালক ও সংশ্লিষ্ট ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার পরিচালিত এ মোবাইল কোর্টের নেতৃত্ব দেন মোঃ মাসুদ রানা। পৌর এলাকায় যানজট নিরসন ও সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে উপজেলা প্রশাসন এ অভিযান পরিচালনা করে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, প্রতিদিন সকাল ৮টা থেকে বিকাল ৬টা পর্যন্ত রায়পুরা পৌর এলাকায় ভারি যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা রয়েছে। কিন্তু কিছু যানবাহন ওই নির্দেশনা অমান্য করে পৌর এলাকায় প্রবেশ করায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।

অভিযান চলাকালে নিয়ম ভঙ্গকারী ৬টি যানবাহনের চালক ও ব্যবসায়ীকে জরিমানা করা হয়। এ সময় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, পৌর এলাকায় যানজট নিয়ন্ত্রণ ও জনদুর্ভোগ কমাতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পৌরবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেছে উপজেলা প্রশাসন।