
মোস্তাফিজার রহমান
কুড়িগ্রামের ফুলবাড়ীতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে দিনব্যাপী শিক্ষা ও সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ফুলবাড়ী ডিগ্রী কলেজ প্রাঙ্গণে “ফাইট আনটিল লাইট (ফুল)” এর সহযোগিতায় এ আয়োজন করা হয়।
উৎসবে উপজেলার সরকারি বে-সরকারী প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেনের ১৫ টি প্রতিষ্ঠানের প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থীরা অংশ নেয়। এসময় সুন্দর হাতের লেখা, বক্তব্য প্রদান ও বিভিন্ন ধরনের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, ফুলবাড়ী ডিগ্রী কলেজের অধ্যক্ষ আমিনুল ইসলাম রিজু,প্রভাষক জাকারিয়া মিয়া, ফাইট আনটিল লাইট(ফুল)এর পরিচালক আব্দুল কাদের,ফুলবাড়ী শিক্ষা উন্নয়ন কমিটির সভাপতি আনিসুর রহমান, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম,ফুলবাড়ী এডুকেয়ারের প্রধান শিক্ষক রেজাউল করিম সহ এছাড়াও উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন।
শিক্ষার্থীরা জানান, এইরকম প্রোগ্রামে অংশগ্রহণ করতে পেরে আমাদের খুবই ভালো লেগেছে,আমরা চাই প্রতি বছর যেন এরকম বিভিন্ন ধরনের শিক্ষা ও সাংস্কৃতিক মূলক অনুষ্ঠান করা হয়।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধ, মানসিক ও শারীরিক বিকাশ এবং মেধা উন্নয়নের লক্ষ্যে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। প্রথম থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।
দিনব্যাপী এ আয়োজনে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে ফুলবাড়ী ডিগ্রী কলেজ মাঠ প্রাঙ্গণ।

