
ওমর ফারুক
নরসিংদীর চরাঞ্চলে “পোশাকধারী ৬ পুলিশ সদস্যকে এলোপাতাড়ি পিটিয়ে লাঞ্ছিত ও কান ধরে উঠবস করিয়ে মাফ চাওয়ানো” শিরোনামে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।
এ ঘটনায় আলোকবালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আসাদুল্লাহ ও তার অনুসারীদের বিরুদ্ধে অভিযোগ করেছেন সাংবাদিক সঞ্জিত সাহা।
অভিযোগে জানা যায়, জাতীয় দৈনিক ও অনলাইন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর চ্যানেল ২৪, দৈনিক বাংলাদেশ প্রতিদিন ও জাগোনিউজ টোয়েন্টিফোর ডটকমের সাংবাদিক সঞ্জিত সাহাকে “দেখে নেওয়া” ও “শায়েস্তা করার” হুমকি দেওয়া হয়। একই সঙ্গে তাকে নিয়ে অশালীন ও আপত্তিকর মন্তব্য করা হয়েছে বলেও অভিযোগ করা হয়।
এ ঘটনায় স্থানীয় সাংবাদিক মহলে উদ্বেগ দেখা দিয়েছে। সাংবাদিকদের দাবি, সংবাদ প্রকাশের কারণে কোনো সাংবাদিককে হুমকি দেওয়া মতপ্রকাশের স্বাধীনতার পরিপন্থী এবং এটি গণমাধ্যমকর্মীদের নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ।
অন্যদিকে, “পুলিশ সদস্যকে কান ধরে উঠবস” শিরোনামে প্রকাশিত সংবাদকে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে দাবি করেছে নরসিংদী জেলা পুলিশ।
শনিবার (২৪ মে) জেলা পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, সম্প্রতি একটি অনলাইন সংবাদমাধ্যম ও একটি পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন তাদের নজরে এসেছে, যা প্রকৃত ঘটনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
বিবৃতিতে উল্লেখ করা হয়, গত ২১ মে নরসিংদী মডেল থানাধীন আলোকবালী ইউনিয়নের বীরগাঁও সাতপাড়া এলাকায় একটি মামলার তদন্ত, গরুর হাট পরিদর্শন এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এসআই (নিরস্ত্র) শ্রী রামকৃষ্ণ দাসসহ পুলিশের একটি দল দায়িত্ব পালন করছিলেন।
এসময় কিছু উচ্ছৃঙ্খল ব্যক্তি সংঘবদ্ধ হয়ে পুলিশের সরকারি দায়িত্ব পালনে বাধা, ভীতি প্রদর্শন এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করে বলে দাবি করে জেলা পুলিশ। তবে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলেও পুলিশ সদস্যরা ধৈর্য ও পেশাদারিত্বের সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে নিরাপদে ঘটনাস্থল ত্যাগ করেন বলে বিবৃতিতে জানানো হয়।
জেলা পুলিশের ভাষ্য অনুযায়ী, ঘটনাটিকে ভিন্নভাবে উপস্থাপন করে প্রকাশিত সংবাদ সঠিক নয়। এ ঘটনায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এদিকে সাংবাদিককে হুমকির অভিযোগ এবং ঘটনাটির প্রকৃত সত্য উদঘাটনে সংশ্লিষ্ট প্রশাসনের নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন স্থানীয় সচেতন মহল।

