
আবদুর রহমান
মধ্যপ্রাচ্যে ওয়াশিংটন-তেহরান চলমান উত্তেজনার মধ্যে আবারও কঠোর বার্তা দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো আন্তোনিও রুবিও। তিনি বলেছেন, ইরানের সঙ্গে একটি “ভালো ও শক্তিশালী” চুক্তি না হলে যুক্তরাষ্ট্র “অন্য উপায়ে” পরিস্থিতি মোকাবিলা করবে। তবে কূটনৈতিক সমাধানকেই এখনো অগ্রাধিকার দিচ্ছে ওয়াশিংটন।
সোমবার ভারতের রাজধানী নয়াদিল্লিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রুবিও বলেন, “আমরা হয় একটি ভালো চুক্তিতে পৌঁছাব, নয়তো অন্যভাবে বিষয়টি মোকাবিলা করতে হবে।” তিনি জানান, হরমুজ প্রণালি খুলে দেওয়ার বিষয়ে একটি “খুবই শক্ত অবস্থান” আলোচনার টেবিলে রয়েছে।
গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের সংঘাতের পর ৮ এপ্রিল থেকে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও উত্তেজনা পুরোপুরি কমেনি। ইরান এখনো কৌশলগত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল সীমিত রেখেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোতে নৌ অবরোধ বজায় রেখেছে।
রোববার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, “চুক্তি স্বাক্ষর ও আনুষ্ঠানিক অনুমোদন না হওয়া পর্যন্ত অবরোধ বহাল থাকবে।” তিনি আরও বলেন, “দুই পক্ষকেই সময় নিয়ে সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে হবে।”
এদিকে তেহরানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, আলোচনার অনেক বিষয়ে অগ্রগতি হলেও চুক্তি এখনই স্বাক্ষরের পর্যায়ে পৌঁছায়নি। তিনি স্পষ্ট করেন, বর্তমান আলোচনার কেন্দ্রবিন্দু পারমাণবিক ইস্যু নয়; বরং যুদ্ধ বন্ধ ও উত্তেজনা প্রশমনের বিষয়টি বেশি গুরুত্ব পাচ্ছে।
বাগহাই আরও অভিযোগ করেন, যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি রক্ষার বিষয়ে তেহরানের আস্থা নেই। একই সঙ্গে তিনি বলেন, “হুমকিকে ইরান গুরুত্ব দেয় না।”
অন্যদিকে বার্তা সংস্থা রয়টার্সের বরাতে জানা গেছে, ট্রাম্প প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা দাবি করেছেন, ইরান নীতিগতভাবে উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম সরিয়ে ফেলতে এবং হরমুজ প্রণালি খুলে দিতে সম্মত হয়েছে। বিনিময়ে যুক্তরাষ্ট্র তাদের নৌ অবরোধ প্রত্যাহার করতে পারে। তবে বিষয়টি নিয়ে তেহরানের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো নিশ্চিতকরণ পাওয়া যায়নি।
মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমনে কূটনৈতিক তৎপরতাও বেড়েছে। পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির এবং প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ সোমবার চীন সফরে গেছেন। বেইজিং জানিয়েছে, তারা পাকিস্তানের সঙ্গে মিলে মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে কাজ করবে।

