আবদুর রহমান
সম্পাদক

ইরানের দক্ষিণাঞ্চলীয় গুরুত্বপূর্ণ বন্দর নগরী বন্দর আব্বাসে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী দক্ষিণ ইরানে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র ও মাইন পোঁতায় ব্যবহৃত নৌযানে হামলার দাবি করেছে। মার্কিন সামরিক বাহিনীর এক মুখপাত্র এই হামলাকে “আত্মরক্ষামূলক ব্যবস্থা” বলে উল্লেখ করেছেন।

শনিবার রাজধানী তেহরান থেকে প্রায় এক হাজার কিলোমিটার দূরে অবস্থিত বন্দর আব্বাসে বিস্ফোরণের ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ ও রাষ্ট্রীয় গণমাধ্যম। বিস্ফোরণের পর পুরো এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং নতুন করে যুদ্ধ পরিস্থিতি সৃষ্টির আশঙ্কা দেখা দেয়।

ইরানের জরুরি সেবা বিভাগ জানিয়েছে, বন্দর নগরী বন্দর আব্বাসে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৮০ জন আহত হয়েছেন। আহতদের দ্রুত বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। হরমোজগান প্রদেশের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার পরিচালক মেহরদাদ হাসানজাদেহ রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেন, আহতদের চিকিৎসার জন্য আশপাশের মেডিকেল সুবিধাগুলোতে পাঠানো হয়েছে।

এর আগে হরমোজগান বন্দর ও সামুদ্রিক প্রশাসনের কর্মকর্তা ইসমাইল মালেকাইজাদেহ জানান, শহীদ রাজাই বন্দর ডকের কাছেই বিস্ফোরণটি ঘটে।হামলার পর অঞ্চলজুড়ে নতুন করে যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, বিস্ফোরণটি বন্দর এলাকার সিনা কনটেইনার ইয়ার্ডে ঘটে, যা ইরানের বন্দর ও সামুদ্রিক সংস্থার অধিভুক্ত।

এদিকে চলমান যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরান সংঘাত নিরসনে কূটনৈতিক তৎপরতাও জোরদার হয়েছে। সম্ভাব্য যুদ্ধবিরতি ও সমঝোতা চুক্তির বিষয়ে আলোচনা করতে তেহরানের শীর্ষ আলোচক দল কাতারে পৌঁছেছে। তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সতর্ক করে বলেছেন, কিছু অগ্রগতি হলেও এর অর্থ এই নয় যে কোনো চুক্তি “আসন্ন”।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধে সম্ভাব্য চুক্তিতে আঞ্চলিক শক্তিগুলোকেও যুক্ত করতে হবে। তিনি সৌদি আরব, পাকিস্তান ও তুরস্ককে আব্রাহাম অ্যাকর্ডসে যুক্ত হয়ে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার আহ্বান জানান।

অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর বিরুদ্ধে “কঠোর আঘাত” হানার নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, “ইসরায়েল বর্তমানে হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধে রয়েছে।”

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২ মার্চ থেকে ইসরায়েলি হামলায় অন্তত ৩ হাজার ১৮৫ জন নিহত এবং ৯ হাজার ৬৩৩ জন আহত হয়েছেন। সোমবার দেশটির পূর্বাঞ্চলীয় বেকা উপত্যকা ও দক্ষিণ লেবাননে নতুন করে ব্যাপক বিমান হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।