আবদুর রহমান
সম্পাদক

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীসহ বিশ্বের সকল মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন।

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ফেসবুক ওয়ালে দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী বলেন, ত্যাগের পরাকাষ্ঠা, তাকওয়ার মহিমান্বিত পথনির্দেশনা এবং আত্মশুদ্ধির অনন্য বার্তা নিয়ে বছর ঘুরে আবারও বিশ্ব মুসলিমের দুয়ারে সমাগত হয়েছে পবিত্র ঈদুল আজহা।

তিনি বলেন, ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে বাংলাদেশসহ বিশ্বের মুসলমানরা পবিত্র ঈদুল আজহা উদযাপনের প্রস্তুতি নিচ্ছেন। ইসলামের এই মহান উৎসব শুধু আনন্দের উপলক্ষ নয়, বরং এটি মহান আল্লাহর প্রতি গভীর বিশ্বাস, আত্মনিবেদন ও আনুগত্যের এক চিরন্তন শিক্ষা বহন করে।

প্রধানমন্ত্রী আরও বলেন, মহান আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে হযরত ইব্রাহিম (আ.)-এর অটল ঈমান, নিঃশর্ত আনুগত্য এবং সর্বোচ্চ আত্মত্যাগের উজ্জ্বল দৃষ্টান্ত পবিত্র ঈদুল আজহাকে বিশ্ব মুসলিম উম্মাহর কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও মহিমান্বিত করে তুলেছে।

বাণীতে তিনি মহান আল্লাহর দরবারে প্রার্থনা জানিয়ে বলেন, আল্লাহ যেন সবার কোরবানি ও ইবাদত কবুল করেন এবং বাংলাদেশসহ সমগ্র মুসলিম বিশ্ব ও মানবজাতির জন্য শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা দান করেন। একই সঙ্গে বিশ্বজুড়ে শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠার জন্যও তিনি মহান আল্লাহর নিকট দোয়া করেন।

প্রধানমন্ত্রী বলেন, ঈদুল আজহার মূল শিক্ষা হলো ত্যাগ, সহমর্মিতা ও মানবকল্যাণে আত্মনিয়োগ। এই মহান শিক্ষাকে ধারণ করে সমাজে সৌহার্দ্য, সাম্য ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সবাইকে এগিয়ে আসতে হবে।

তিনি আশা প্রকাশ করেন, ত্যাগের মহিমায় ভাস্বর হয়ে পবিত্র ঈদুল আজহা দেশের মানুষের জীবনে বয়ে আনবে শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ।