নিজস্ব প্রতিবেদক
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে নরসিংদী জেলা পুলিশের উদ্যোগে ঈদ পুনর্মিলনী, প্রীতিভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাতে নরসিংদী জেলা পুলিশ লাইন্সে আয়োজিত এ অনুষ্ঠানে জেলার বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
নরসিংদী জেলা পুলিশ সুপার মো. আবদুল্লাহ আল ফারুকের তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে নরসিংদী পুলিশ লাইন্সসহ জেলা পুলিশের বিভিন্ন থানা ও ইউনিটে কর্মরত সদস্যরা অংশ নেন।

ঈদের আনন্দ ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে আয়োজিত এ অনুষ্ঠানে প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, ব্যবসায়ী, সাংবাদিক, আইনজীবী, বীর মুক্তিযোদ্ধা এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি ও নরসিংদী সদর আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক এবং নরসিংদী-৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ মনজুর এলাহী এমপি, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির স্বনির্ভর বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শিরিন সুলতানা এমপি এবং জেলা পরিষদের প্রশাসক আলহাজ তোফাজ্জল হোসেন।

এছাড়াও অনুষ্ঠানে অংশ নেন নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের উপদেষ্টা ও ড্রিম হলিডে পার্কের পরিচালক প্রবীর কুমার সাহা, অ্যাডভোকেট আফজাল মনির, পলাশ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বাহাউদ্দিন ভূঁইয়া মিলটন, বাংলাদেশ আন্তঃজেলা ট্রাক-বাস মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক ও নরসিংদী জেলা শাখার সভাপতি সারোয়ার হোসেন মৃধা, নারী উদ্যোক্তা জান্নাতুল হক শাপলাসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ব্যবসায়ী নেতা, সাংবাদিক, আইনজীবী, সুধীজন ও বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের প্রতিনিধিরা।
অনুষ্ঠানে আগত অতিথিদের জন্য বিখ্যাত মেজবানি মাংসসহ নানা ধরনের সুস্বাদু খাবারের আয়োজন করা হয়। একই সঙ্গে মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা পুরো অনুষ্ঠানকে উৎসবমুখর করে তোলে।

বক্তারা বলেন, ঈদের মতো ধর্মীয় উৎসব সমাজে সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে। জেলা পুলিশের এ ধরনের উদ্যোগ জনগণ ও পুলিশের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সৌহার্দ্যপূর্ণ ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত ঈদ পুনর্মিলনী, প্রীতিভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানটি উপস্থিত অতিথিদের ব্যাপক প্রশংসা অর্জন করে। এ ধরনের আয়োজন জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে পারস্পরিক সহযোগিতা, সম্প্রীতি ও সামাজিক বন্ধন আরও দৃঢ় করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

