ওমর ফারুক
বার্তা সম্পাদক

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে নরসিংদী সরকারি কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। পরিবেশ সংরক্ষণ ও সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আয়োজিত এ কর্মসূচিতে কলেজ ক্যাম্পাসে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।

রবিবার (৩১ মে) সকালে নরসিংদী সরকারি কলেজ প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করেন নরসিংদী জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক এবং নরসিংদী সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক জাহিদ হোসেন জাপ্পি।

কর্মসূচিতে অংশ নিয়ে ছাত্রদলের নেতাকর্মীরা কলেজ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে গাছের চারা রোপণ করেন। আয়োজকরা জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদনের লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন নরসিংদী সরকারি কলেজ শাখা ছাত্রদলের ছাত্রনেতা মিনহাজউর রহমান শ্রাবণ, জীবন ভূঁইয়া, সাজিদ সরকারসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাহিদ হোসেন জাপ্পি। তিনি বলেন, “বৃক্ষরোপণ একটি সামাজিক, মানবিক ও পরিবেশবান্ধব উদ্যোগ। বর্তমান সময়ে জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলায় বেশি বেশি গাছ লাগানোর বিকল্প নেই। 

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে আমরা সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডের পাশাপাশি পরিবেশ রক্ষায়ও ভূমিকা রাখতে চাই। ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।”

কর্মসূচি শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় তাঁর কর্মময় জীবনের বিভিন্ন দিক স্মরণ করে দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।

স্থানীয়দের মতে, রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি পরিবেশ সংরক্ষণে এমন উদ্যোগ তরুণদের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে। বৃক্ষরোপণের মাধ্যমে সবুজ ও বাসযোগ্য পরিবেশ গড়ে তোলার বার্তাও ছড়িয়ে দেওয়া হয়েছে এ কর্মসূচির মাধ্যমে।