
ওমর ফারুক
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা, মহান স্বাধীনতার ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে নরসিংদী সদর উপজেলার করিমপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১ জুন) দুপুরে করিমপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খাইরুল কবির খোকন।
প্রধান অতিথির বক্তব্যে খাইরুল কবির খোকন বলেন, “আমি মেজর জিয়া বলছি— এই ঐতিহাসিক ঘোষণার মধ্য দিয়ে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামকে এগিয়ে নিয়ে গেছেন। তিনি ছিলেন একজন দেশপ্রেমিক ও দূরদর্শী রাষ্ট্রনায়ক, যিনি বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন অধ্যায়ের সূচনা করেছিলেন।”
তিনি বলেন, জিয়াউর রহমান দেশের অর্থনৈতিক উন্নয়ন, প্রবাসী কর্মসংস্থান বৃদ্ধি, গার্মেন্টস শিল্পের বিকাশ এবং আঞ্চলিক সহযোগিতা জোরদারে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে সার্ক প্রতিষ্ঠার ক্ষেত্রেও তার ভূমিকা ছিল উল্লেখযোগ্য।
বিএনপির এই নেতা আরও বলেন, “জীবিত জিয়ার চেয়ে মৃত জিয়া বেশি শক্তিশালী। কারণ, মৃত্যুর এত বছর পরও তিনি দেশের কোটি কোটি মানুষের হৃদয়ে বেঁচে আছেন। তার আদর্শ ও রাজনৈতিক দর্শন আজও জনগণকে অনুপ্রাণিত করছে।”
তিনি আরও দাবি করেন, “বিএনপি কখনো পিছনের দরজা দিয়ে ক্ষমতায় আসেনি। দলটি সবসময় জনগণের ভোট ও সমর্থনের ভিত্তিতেই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সভাপতি আবু সালেহ চৌধুরী এবং সাধারণ সম্পাদক ইকবাল হোসেন।
সভায় সভাপতিত্ব করেন করিমপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আসাদুজ্জামান কাজল। অনুষ্ঠান পরিচালনা করেন ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মনিরুল ইসলাম মনির।
এ সময় করিমপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।আলোচনা সভা শেষে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াসহ জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। একই সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, ডা. জুবাইদা রহমান ও জাইমা রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং সার্বিক কল্যাণ কামনা করা হয়।

