
আবদুর রহমান
জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত ভোটে তিনি সাইপ্রাসের প্রার্থী আন্দ্রেয়াস এস. কাকোরিসকে পরাজিত করে এই মর্যাদাপূর্ণ পদে নির্বাচিত হন।
জাতিসংঘের ১৯৩ সদস্যবিশিষ্ট সাধারণ পরিষদের সভাপতির পদে নির্বাচিত হওয়া বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে। ভোটে ১৯০টি ভোটের মধ্যে ড. খলিলুর রহমান পান ৯৯ ভোট, আর তার প্রতিদ্বন্দ্বী সাইপ্রাসের প্রার্থী পান ৯১ ভোট।
জাতিসংঘের প্রচলিত আঞ্চলিক রোটেশন পদ্ধতি অনুযায়ী এবারের সভাপতি নির্বাচিত হয়েছেন এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় গ্রুপ থেকে। আগামী সেপ্টেম্বর মাসে শুরু হওয়া ৮১তম অধিবেশনের সঙ্গে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় এক প্রতিক্রিয়ায় জানায়, ড. খলিলুর রহমানের এই বিজয় আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতি সদস্য রাষ্ট্রগুলোর আস্থা ও গ্রহণযোগ্যতার প্রতিফলন। বহুপাক্ষিকতা, টেকসই উন্নয়ন, শান্তি প্রতিষ্ঠা এবং আন্তর্জাতিক সহযোগিতা জোরদারে বাংলাদেশের ইতিবাচক ভূমিকার স্বীকৃতি হিসেবেও এ নির্বাচনকে দেখা হচ্ছে।
উল্লেখ্য, এর আগে ১৯৮৬-৮৭ সালে বাংলাদেশের কূটনীতিক ও তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন রশীদ চৌধুরী জাতিসংঘ সাধারণ পরিষদের ৪১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছিলেন। চার দশক পর আবারও এই মর্যাদাপূর্ণ পদে একজন বাংলাদেশি নির্বাচিত হলেন।
বিশ্লেষকদের মতে, ড. খলিলুর রহমানের নেতৃত্বে বৈশ্বিক শান্তি, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়ন এবং বহুপাক্ষিক সহযোগিতা জোরদারের বিষয়ে জাতিসংঘ সাধারণ পরিষদে নতুন গতি সঞ্চার হতে পারে।

