
ওমর ফারুক
নরসিংদীতে ইজিবাইক চালক ফাহিম মিয়া হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী।
বুধবার (৩ জুন) সকাল ৭টায় সদর উপজেলার শিলমান্দী ইউনিয়নের নতুন বাজার এলাকায় “আমরা শিলমান্দী ইউনিয়নবাসী” ব্যানারে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক ও শিলমান্দী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা জহিরুল ইসলাম, নিহত ফাহিমের বাবা রুহুল আমিন, সমাজসেবক কাউছার আহমেদ রিপন, আবুল কালাম, কামরুল ইসলাম ও শামসুল হকসহ অন্যান্যরা।
বক্তারা বলেন, দেশে অপরাধ সংঘটনের পর অনেক ক্ষেত্রে দ্রুত বিচার ও শাস্তি নিশ্চিত না হওয়ায় অপরাধ প্রবণতা বাড়ছে। অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা গেলে সমাজে অপরাধ কমে আসবে। তারা ফাহিম হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে বিচার সম্পন্ন করার দাবি জানান।
এসময় বক্তারা আরও বলেন, মাদকের ভয়াবহ বিস্তারের কারণে দেশের তরুণ ও কিশোর সমাজ বিপথগামী হচ্ছে এবং নানা ধরনের অপরাধে জড়িয়ে পড়ছে। মাদককে অপরাধ বৃদ্ধির অন্যতম কারণ উল্লেখ করে তারা মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।
মানববন্ধন থেকে ফাহিম হত্যার সুষ্ঠু তদন্ত, জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানানো হয়।

