আলামিন হোসেন
যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক পদে স্থান পেয়েছেন ঝিনাইদহের কৃতি সন্তান মো: কামরুজ্জামান।বুধবার আবদুল মোনায়েম মুন্নাকে সভাপতি এবং মোহাম্মদ নূরুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক করে ১৫১ সদস্যবিশিষ্ট জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি অনুমোদন করা হয়।
বৃহস্পতিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
নতুন এই কমিটিতে মো. কামরুজ্জামান গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ায় ঝিনাইদহের নেতাকর্মীদের মধ্যে আনন্দ ও উৎসাহ লক্ষ্য করা গেছে। দীর্ঘদিন ধরে ছাত্রদল ও যুবদলের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত কামরুজ্জামান মাঠপর্যায়ের পরিচিত মুখ ছিলেন। রাজনৈতিক জীবনে তিনি একাধিকবার মামলা, গ্রেপ্তার, জেল-জুলুম ও নানা প্রতিকূলতার মুখোমুখি হয়েছেন।
নতুন দায়িত্ব পেয়ে কামরুজ্জামানের অনুসারীরা আশা প্রকাশ করেছেন, তিনি কেন্দ্রীয় যুবদলকে আরো শক্তিশালী ও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

