আবদুর রহমান
সম্পাদক

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, উদ্ভাবন, আস্থা এবং টেকসই উন্নয়ন বর্তমান বিশ্বের অর্থনৈতিক অগ্রগতির অন্যতম ভিত্তি, আর এ লক্ষ্য অর্জনে অ্যাক্রেডিটেশন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তিনি আশা প্রকাশ করেন, বিশ্ব অ্যাক্রেডিটেশন দিবস ২০২৬ দেশের মান অবকাঠামোকে আরও শক্তিশালী করবে এবং উদ্ভাবন ও টেকসই উন্নয়নের অগ্রযাত্রাকে ত্বরান্বিত করবে।

মঙ্গলবার (৯ জুন) বিশ্ব অ্যাক্রেডিটেশন দিবস ২০২৬ উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, প্রতিবছর ৯ জুন বিশ্ব অ্যাক্রেডিটেশন দিবস পালন করা হয়, যা পণ্য ও সেবার নিরাপত্তা, গুণগত মান এবং নির্ভরযোগ্যতার গুরুত্ব স্মরণ করিয়ে দেয়। তিনি উল্লেখ করেন, এ বছরের প্রতিপাদ্য “Innovation, Trust and Sustainability: The Power of Accreditation” অত্যন্ত সময়োপযোগী এবং তা বৈশ্বিক অর্থনীতি ও শিল্পোন্নয়নের বর্তমান বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

তিনি বলেন, বর্তমানে ভোক্তারা শুধু পণ্যের গুণগত মান নয়, উৎপাদন প্রক্রিয়ার নৈতিকতা, সামাজিক দায়বদ্ধতা এবং পরিবেশগত প্রভাবও বিবেচনায় নিচ্ছেন। ফলে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে উদ্ভাবনী ও টেকসই উৎপাদন ব্যবস্থা গ্রহণের বিকল্প নেই।

বাণীতে প্রধানমন্ত্রী আরও বলেন, অ্যাক্রেডিটেশন একটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত মান নিশ্চিতকরণ ব্যবস্থা, যা নির্ধারিত মানদণ্ডের ভিত্তিতে পণ্য ও সেবার গুণগত মান যাচাই করে। এটি শুধু একটি সনদ নয়, বরং দেশের শিল্পখাতকে বৈশ্বিক প্রতিযোগিতায় সক্ষম করে তোলার একটি কার্যকর হাতিয়ার।

তিনি জানান, শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ড (বিএবি) দেশের পণ্য ও সেবাকে আন্তর্জাতিক বাজারে আরও গ্রহণযোগ্য ও বিশ্বাসযোগ্য করে তুলতে কাজ করছে। এ পর্যন্ত সংস্থাটি ১৬৮টি সরকারি, বেসরকারি ও বহুজাতিক প্রতিষ্ঠানকে অ্যাক্রেডিটেশন সনদ প্রদান করেছে। বর্তমানে পাঁচটি ক্ষেত্রভিত্তিক স্কিমের আওতায় আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

প্রধানমন্ত্রী বিশ্ব অ্যাক্রেডিটেশন দিবস ২০২৬-এর সার্বিক সাফল্য কামনা করে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক শুভেচ্ছা জানান।