ওমর ফারুক
বার্তা সম্পাদক

নরসিংদীতে ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা ও হিসাব সহকারী-কাম-কম্পিউটার অপারেটরদের দক্ষতা উন্নয়নে ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি)-এর উদ্যোগে এবং নরসিংদী জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় আয়োজিত “ইউনিয়ন পরিষদ অফিস ও আর্থিক ব্যবস্থাপনা” শীর্ষক এই প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয় সেমবার সকালে জেলা প্রশাসকের হলরুমে।

প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের নরসিংদীর উপপরিচালক (উপসচিব) মোছা. নাদিরা আখতার। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদীর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান কেয়া।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া বলেন, “স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও গতিশীল, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করতে দক্ষ মানবসম্পদ গড়ে তোলার কোনো বিকল্প নেই।

 ইউনিয়ন পরিষদের প্রশাসনিক ও আর্থিক কার্যক্রমে প্রযুক্তির যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে এবং জনগণের দোরগোড়ায় মানসম্মত সেবা পৌঁছে দিতে সবাইকে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে।”

তিনি আরও বলেন, “দক্ষতা বৃদ্ধি ও সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে ইউনিয়ন পরিষদগুলোকে আরও কার্যকর, জবাবদিহিমূলক এবং জনবান্ধব প্রতিষ্ঠানে পরিণত করতে এ ধরনের প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বক্তারা বলেন, মাঠপর্যায়ে প্রশাসনিক দক্ষতা, আর্থিক শৃঙ্খলা ও জবাবদিহিতা নিশ্চিত করতে এ প্রশিক্ষণ কার্যকর ভূমিকা রাখবে। একই সঙ্গে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর সেবার মানোন্নয়ন এবং জনগণের প্রত্যাশা পূরণে প্রশিক্ষণপ্রাপ্ত কর্মকর্তারা আরও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করতে সক্ষম হবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

তিন দিনব্যাপী এই কর্মশালায় জেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ও হিসাব সহকারী-কাম-কম্পিউটার অপারেটররা অংশগ্রহণ করছেন।