ওমর ফারুক
বার্তা সম্পাদক

নরসিংদী সদর উপজেলার ভেলানগর এলাকায় এক নবম শ্রেণির মেধাবী স্কুলছাত্রীকে বাল্যবিবাহের হাত থেকে রক্ষা করেছে মহিলা বিষয়ক অধিদপ্তর, নরসিংদী।

বুধবার (১০ জুন) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এক অভিযানে কিশোরীর ইচ্ছার বিরুদ্ধে তার পরিবারের উদ্যোগে আয়োজন করা বিয়ে বন্ধ করে দেওয়া হয়। জানা যায়, ওই শিক্ষার্থী বর্তমানে নবম শ্রেণিতে অধ্যয়নরত। পরিবারের পক্ষ থেকে তার লেখাপড়া বন্ধ করে অল্প বয়সে বিয়ের ব্যবস্থা করা হচ্ছিল।

মহিলা বিষয়ক অধিদপ্তর, নরসিংদীর উপপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) জেরিন সুলতানার নির্দেশনায় পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন কর্মকর্তা কামরুজ্জামান সরকার। অভিযানে সহযোগিতা করেন সুমন পাইক, মো. শাহীন মিয়া এবং নরসিংদী সদর মডেল থানার পুলিশ সদস্যরা।

অভিযান চলাকালে বিয়ের আয়োজন বন্ধ করে কিশোরীকে বাল্যবিবাহের ঝুঁকি থেকে রক্ষা করা হয়। একই সঙ্গে পরিবারের সদস্যদের বাল্যবিবাহ নিরোধ আইন সম্পর্কে সচেতন করা হয় এবং শিক্ষার্থীর পড়াশোনা অব্যাহত রাখার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়।

মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তারা জানান, বাল্যবিবাহ একটি গুরুতর সামাজিক সমস্যা। এর ফলে কিশোরীদের শিক্ষা, স্বাস্থ্য ও স্বাভাবিক বিকাশ বাধাগ্রস্ত হয়। তাই বাল্যবিবাহ প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষের সচেতন ও সক্রিয় ভূমিকা প্রয়োজন।

এ ঘটনায় স্থানীয় সচেতন মহল মহিলা বিষয়ক অধিদপ্তর ও আইনশৃঙ্খলা বাহিনীর তাৎক্ষণিক পদক্ষেপকে স্বাগত জানিয়েছে। তাদের মতে, সময়োপযোগী এই অভিযানের ফলে একটি কিশোরীর শিক্ষাজীবন ও উজ্জ্বল ভবিষ্যৎ রক্ষা পেয়েছে।